ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের সুপার লিগে শুক্রবারের ম্যাচে চোটাক্রান্ত মুশফিকুর রহিমকে দলে পায়নি প্রাইম দোলেশ্বর। তবুও অল রাউন্ডার সাকিব আল হাসানের লিজেন্ডস অব রুপগঞ্জকে হারিয়েছে দলটি।

এদিন ফতুল্লাহর খান সাগেব ওসমান আলী স্টেডিয়ামে রুপগঞ্জের দেয়া ২২১ রানের জবাবে খেলতে নেমে ৬৫ বল হাতে রেখে আট উইকেটের জয় নিশ্চিত করে দোলেশ্বর।

২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দোলেশ্বরের দুই ওপেনার মেহেদি মারুফ এবং রনি তালুকদার দলকে উড়ন্ত সূচনা এনে দেন। পাওয়ার প্লের প্রথম দশ ওভারেই ৬১ রান আসে ওপেনিং পার্টনারশিপে। তবে ব্যক্তিগত ২৮ রান করে রনি আউট হলে দলীয় ৬১ রানের মাথায় প্রথম উইকেট হারায় প্রাইম দোলেশ্বর।

কিন্তু এর কোন প্রভাবই পড়তে দেননি আরেক ওপেনার মেহেদি। ১৪ চার এবং তিন ছক্কায় খেলেছেনন অনবদ্য ১১৮ রানের অনবদ্য ইনিংস।

অন্যদিকে মুমিনুল হকও খেলেছেন ৫৬ রানের একটি ঝকঝকে ইনিংস। মেহেদি এবং মুমিনুলের দ্বিতীয় উইকেটে ১৩৫ রানের পার্টনারশিপ রূপগঞ্জকে ম্যাচ থেকে বের করে দেয়।

এর আগে সকালে টসে জিতে ব্যাট করতে নেমে তেমন সুবিধা করতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। নাজমুল মিলনের ৪২ এবং আবুল হাসানের ৫১ রানের কল্যাণে ৫০ ওভারে নয় উইকেটে ২২১ রান সংগ্রহ করে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনিংয়ে নামা সাকিব করেন ২৮ রান।

জেডআই