বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে দ্বিশতক পূর্ণ করেছেন ইমরুল কায়েস। একই দিনে শতরান পূর্ণ করেছেন মিথুন আলী। ফলে রোববার তৃতীয় দিন শেষে ৪৪৬ রানে এগিয়ে থেকে শিরোপার স্বপ্ন দেখছে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৩৬ রান নিয়ে খেলা শুরু করেন ইমরুল কায়েস ও এনামুল হক। বিসিবি উত্তরাঞ্চলের বোলার তাইজুল ইসলামের স্পিন জাদুতে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ২১ রান এনামুল। ওয়ানডাউনে নামা সৌম্য সরকার ৪১ রান সংগ্রহ করে রান আউটের শিকার হন। দিনের বাকি সময়ে ছিল ওপেনার ইমরুল  ও মিথুন আলীর দাপট।
দুপুরে শতক হাঁকানোর পর আস্তে আস্তে দ্বিশতকও গড়েন ইমরুল। কিন্তু দিনের শেষ বিকেলে ব্যাক্তিগত ২০৪ রান সংগ্রহ করা ইমরুল ফরহাদ রেজার বলে শুভাষিশ রায়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ২৬৬ বল মোকাবেলা করে ২০ বাউন্ডারি ও নয় ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি।
এছাড়া মিথুন ১৫৫ বলে ১১১ রান সংগ্রহ করেন এবং শুভাগত হোম ১০ রান সংগ্রহ করে এখনও অপরাজিত আছেন। দিন শেষে তিন উইকেটের বিনিময় দক্ষিণাঞ্চলের সংগ্রহ ৪১০ রান।
এর আগে বিসিএলের পাঁচ দিনের ফাইনালের প্রথম দিন ২৭১ রানে অল আউট হয় প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চাল। জবাবে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে বিসিবি উত্তরাঞ্চল ২৩৫ রানে অল আউট হয়।
ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি) //জেডআই