চ্যাম্পিয়ন্স লিগের শেষ-১৬'র লড়াইয়ে দ্বিতীয় লেগে ঘরের মাঠ সিগন্যাল ইদুনা পার্কে জেনিট সেন্ট পিটার্সবার্গের কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে ৪-২ গোলে জয়ী বরুসিয়া শেষ পর্যন্ত ৫-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আট নিশ্চিত করেছে।
প্রথম লেগে ৪-২ গোলে পরাজিত হবার পরে ডর্টমুন্ডের মাটিতে জেনিট নিজেদের ফিরে পাবার লড়াইয়ে মাঠে নেমেছিল। ১৬ মিনিটে হাল্কের ট্রেডমার্ক শটের মাধ্যমে সেই লক্ষ্যে এগিয়েও গিয়েছিল সফরকারীরা। কিন্তু জার্গেন ক্লপসের দলকে মার্সেল শামেলজারের ক্রস থেকে অধিনায়ক সেবাস্টিয়ান কেহল ৩৮ মিনিটে সমতা এনে দেন।
৭৩ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে হোসে রনডন জেনিটের পক্ষে দ্বিতীয় গোল করলে দলের জয় নিশ্চিত হয়। এই জয়ের ফলে জেনিট তাদের নতুন কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াসকে দারুণভাবে স্বাগত জানালো।
ডর্টমুন্ড পরবর্তী রাউন্ড নিশ্চিত করলেও এক বছর আগে তারা যেভাবে নিজেদের লড়াকু মানসিকতা প্রমাণ করেছিল তার কাছাকাছি এবারের মৌসুমে যেতে পারেনি। তার উপর প্রথমার্ধে হলুদ কার্ডের কারণে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে খেলতে পারছেন না দলের তারকা স্ট্রাইকা রবার্ট লেবানোদোস্কি।
কোয়ার্টার ফাইনালে ইউনাইটেড এবং ডর্টমুন্ডের আগেই অপর দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ, প্যারিস সেইন্ট জার্মেই এবং চেলসি।
শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার সদর দপ্তরে শেষ আটের ড্র অনুষ্ঠিত হবে। এপ্রিলের শুরুতে কোয়ার্টার ফাইনালের লড়াই মাঠে গড়াবে।