বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন মাহমুদুল্লাহ রিয়াদ।

শুক্রবার হ্যামিল্টনের সেডন পার্কে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১১ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ১০০ রান পূর্ণ করেন মাহমুদুল্লাহ।

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন মাহমুদুল্লাহ।

এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করলেন এক সময় সমালোচনার তীরে বিদ্ধ হওয়া মাহমুদুল্লাহ। ফলে বিশ্বকাপে বাংলাদেশের দুটি সেঞ্চুরিরই মালিক তিনি।

অথচ এক দিনের আন্তর্জাতিক ম্যাচে একটি মাত্র সেঞ্চুরির জন্য মাহমুদুল্লাহকে অপেক্ষা করতে হয়েছিল ১১৩টি ম্যাচের ৯৭টি ইনিংস।

সেই ২০০৭ সালে ওয়ানডেতে অভিষেক হয় মাহমুদুল্লাহ। দীর্ঘ আট বছর সেঞ্চুরির জন্য অপেক্ষা করতে হয়েছিল তাকে।

এবার সেই মাহমুদুল্লাহ টানা দুই ম্যাচ সেঞ্চুরি করলেন। তাও আবার বিশ্বকাপে।

জেডআই