সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে হেরেছে শ্রীলঙ্কা। কোরে অ্যান্ডারসন-অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের অসাধারণ ব্যাটিং ও মিচেল ম্যাকক্লেগানের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে তারা ৩ উইকেটে জিতেছে সফরকারীদের বিপক্ষে।

ক্রিস্টচার্চে আগে ব্যাটিং করে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। ব্যতিক্রম মাহেলা জয়াবর্ধনে। ১০৭ বল খেলে ১০৪ রানের নানন্দিক একটি ইনিংস খেলেছেন তিনি। জয়াবর্ধনে ছাড়া অন্য ব্যাটসম্যানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি স্বাগতিকদের বোলিংয়ের সামনে। তাই ৯ উইকেটে ২১৮ রান তুলতে সমর্থ হয়েছিল সফরকারীরা।

মূলত ম্যাকক্লেগান ও অ্যাডাম মিলনের বোলিংয়েই নাকাল হয়েছে শ্রীলঙ্কা। ম্যাকক্লেগান নিয়েছেন ৪টি উইকেট। আর অ্যাডাম পেয়েছেন ২টি উইকেট।

জয়ের জন্য খেলতে নেমে ৭ উইকেট হারিয়েই জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তখনো বাকি ছিল ৪২ বল। কোরে অ্যান্ডারসন ৮১ রান। আর ৫১ রান এসেছে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের ব্যাট থেকে। ২টি উইকেট নিয়েছেন তিলকাররত্নে দিলশান। এ জয়ে ৭ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা : ২১৮/৯ (জয়াবর্ধনে ১০৪, থিরিমান্নে ২৩, জীবন ২৩, দিলশান ১৯; ম্যাকক্লেগান ৪/৩৬)

নিউজিল্যান্ড : ২১৯/৭ (অ্যান্ডারসন ৮১, অধিনায়ক ম্যাককালাম ৫১; দিলশান ২/২৮)

ফল : ৩ উইকেট জয়ী নিউজিল্যান্ড

এএইচ