ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল আবাহনী লিমিটেড। সোমবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তৃতীয় রাউন্ডের ম্যাচে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের কাছে ৬ রানে হেরেছে তারা।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২১৯ রান করে শেখ জামাল। জবাবে পুরো ৫০ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান তুলতে পারে আবাহনী।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান মাইশুকুর রহমান ও অমিত মজুমদার ভালো শুরু এনে দেন শেখ জামালকে। বিনা উইবিনা উইকেটে ৭২ করার পর ৫৩ রানের মধ্যে ৫ উইকেট হারায় তারা।

এরপরও শেখ জামাল ২০০ পেরুনো স্কোর গড়তে পারে লিয়াম অ্যান্ড্রু ডসনের অর্ধশতকের কল্যাণে। ৫৫ বলে ৬৪ রান করেন তিনি।

লক্ষ্য তাড়া করতে নেমে ৭৪ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আবাহনীর ইনিংস দিগভ্রান্ত হয়ে যায়। এরপরও আবাহনী জয়ের স্বপ্ন দেখছিল রকিবুল হাসানের ব্যাটে। কিন্তু ৪৭.২ ওভারে দলকে ১৯৮ রানে রেখে রকিবুল আউট হয়ে গেলে তাদের সেই আশা শেষ হয়ে যায়। ডসনের বলে শাহরিয়ার নাফীসের হাতে ক্যাচ দেয়ার আগে ১০২ বলে ৫টি চার ও একটি ছয়ে ৮৩ রান করেন রকিবুল।

জেডআই