ঊরুর চোটে পড়া তামিম ইকবালের জায়গায় দলে ঢুকবেন সৌম্য সরকার। শফিউল ইসলামের জায়গা নিয়ে দলে ঢুকবেন রুবেল হোসেন—এটুকু আগেই জানা ছিল। কিন্তু ব্লুমফন্টেইন টেস্টের একাদশ আজ চমকই দিল। দলে পরিবর্তন মোট চারটি!

তামিম, শফিউল ছাড়াও প্রথম টেস্টের দলে থাকা তাসকিন আহমেদ এবং মেহেদী হাসান মিরাজকেও রাখা হয়নি দ্বিতীয় টেস্টের একাদশে। কারণটা ব্যাখ্যা করতে গিয়ে দলের সঙ্গে থাকা প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন জানিয়েছেন, ‘তাসকিনের গোড়ালিতে একটু সমস্যা আছে। সে কারণে শুভাশিস রায়কে নেওয়া হয়েছে। আর মিরাজকে বাদ দেওয়া হয়েছে ফর্মের কারণে।’

মিরাজের জায়গায় দলে এসেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। পচেফস্ট্রুম টেস্টের দুই ইনিংসে ৬৭ ওভার বল করে একটিও উইকেট পাননি মিরাজ।

তাসকিনও উইকেট শূন্য থেকেছেন দুই ইনিংস মিলিয়ে ৩২ ওভার বল করে। অবশ্য এক মোস্তাফিজ ছাড়া প্রথম টেস্টে এলোমেলো বোলিং করেছেন বাংলাদেশ দলের সব বোলারই।

মানগাউং ওভালের উইকেটে শুরুর দিকে বল একটু এদিক সেদিক করবে। বোলাররা ভালো বাউন্স পাবেন—এই আশাতেই হয়তো আজও টসে জিতে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

কিন্তু এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের ১০ ওভার হয়ে গেলেও বোলারদের মধ্যে সেই আক্রমণাত্মক ভাবটা দেখা যায়নি।

এমএ