জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে সুবিধাজনক স্থানে আছে বাংলাদেশ-এ দল। চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে ২৩৪ রানের লিড নিয়েছে নাঈম ইসলামের দল।
ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে এদিনও বৃষ্টি হানা দিয়েছে। ফলে এক ঘণ্টা বাকি থাকতেই খেলা বন্ধ করে দেন আম্পায়ররা।
এদিন মার্শাল আইয়ুব তার প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৯তম অর্ধশতক তুলে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তিনি ১২৩ বলে পাঁচটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫৩ রান করে তাতেন্দা মানাতসার বলে আউট হন।
এর আগে সকালে ছয় উইকেটে ৯১ রানে দিন শুরু করা সফরকারীরা আরো ৪১ রান তুলতেই তাদের সবকটি উইকেট হারায়।
স্বাগতিকদের হয়ে শাহাদাত হোসেন ও জুবায়ের হোসেন নিয়েছেন চারটি করে উইকেট। আর সাকলাইন সজিব ও কামরুল ইসলাম অন্যদুটি উইকেট ভাগাভাগি করে নেন।
বৃহস্পতিবার অধিনায়ক রাঈম ইসলাম ১৩ রান ও নুরুল হাসান শুন্য রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ-এ দল প্রথম ইনিংস: ২৫৮/১০
জিম্বাবুয়ে-এ দল প্রথম ইনিংস: ১৩২/১০
বাংলাদেশ-এ দল দ্বিতীয় ইনিংস: ১০৮/৫
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





