জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে বেশি সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। তবে জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার তামিমও দ্রুত মাঠ থেকে বিদায় নিয়েছেন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে এক উইকেট হারিয়ে ১০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন শামসুর রহমান ও মুমিনুল হক।

এর আগে সাকিব স্পিন ঘূর্ণিতে উড়ে যায় জিম্বাবুয়ে। ২৪০ রানে তাদের প্রথম ইনিংস শেষ হয়েছে।

শনিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে হয়তো মনে মনে হেসেছিল জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। কিন্তু শেষ পর্যন্ত তাদের সব হাসি কেড়ে নিয়েছেন টেস্টে অল রাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব। এদিন বল হাতে জিম্বাবুয়ের ছয়টি উইকেট শিকার করেছেন তিনি।

প্রথম ওভারে জিম্বাবুয়ের ওপেনার সিবান্দাকে আউট করে উইকেট শিকারের যাত্রা শুরু করেন শাহাদাৎ হোসেন। এরপর শুরু হয় সাকিবের মিশন। হ্যামিল্টন মাসাকাদজাকে দিয়ে শুরু করে শেষ করলেন কামুঙ্গিজিকে আউট করে। সেই সঙ্গে ইনিংসও শেষ করে দিলেন তিনি।

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সিকান্দার রাজা ছাড়া আর কেউই পঞ্চাশোর্ধ্বো স্কোর করতে পারেনি। উদ্বোধনী জুটির সিকান্দার ৫১ রান করে অভিষিক্ত জুবায়ের হোসেনের শিকারে পরিণত হন। এছাড়া ক্রেইজ এরভাইন ৩৪ ও চিগুম্বুরা ২৯ রান করে আউট হন।

সাকিব ২৪.৫ ওভারে ৫৯ রান দিয়ে পাঁচটি মেডেনসহ ছয়টি উইকেট নেন। এছাড়া জুবায়ের হোসেন দুটি উইকেট ও শাহাদাৎ হোসেন একটি উইকেট পান।

জেডআই