চলতি বছরের মার্চ মাসে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গেলেও করোনাভাইরাসের প্রকোপে সিরিজ শুরুর আগেই দেশে ফিরে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। স্থগিত সেই সিরিজ ২০২১ সালে আয়োজনের ইঙ্গিত দেওয়া হয়েছিল।
২০২১ সালের জানুয়ারিতেই সিরিজটি চূড়ান্ত করা হয়েছে। তবে ইংল্যান্ডকে কোয়ারেন্টিনের বাধ্যবাধকতা দেওয়া হয়নি।
শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে আগামী বছরের জানুয়ারিতেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড। দুই ম্যাচের টেস্ট সিরিজের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ১৪ জানুয়ারি এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ২৩ জানুয়ারি।
সিরিজ শুরুর ১১ দিন আগে অর্থাৎ ৩ জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছাবে ইংল্যান্ড। বাংলাদেশ দলের গত অক্টোবর মাসে শ্রীলঙ্কা সফরের জন্য যে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের নিয়ম ধরিয়ে দেওয়া হয়েছিল ইংল্যান্ডের জন্য তা দেওয়া হয়নি।
প্রকৃতপক্ষে, শ্রীলঙ্কায় ইংল্যান্ডকে কোনো কোয়ারেন্টিনই পালন করতে হবে না। শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার আগে নিজ দেশেই ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে বলা হয়েছে ইংলিশদের।
শ্রীলঙ্কায় পৌঁছানোর পরে ইংল্যান্ড দলের সদস্যের পিসিআরে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেগেটিভ ফলাফল প্রাপ্তদেরকে জৈব সুরক্ষা বলয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং তখনই তারা অনুশীলন শুরু করতে পারবে। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে থাকছে না কোনো প্রস্তুতি ম্যাচ। তবে নিজেদের মধ্যে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা।
প্রসঙ্গত, এই সিরিজের আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে শ্রীলঙ্কানরা। সেই সফরে শ্রীলঙ্কাকেও কোনো বাধ্যতামূলক কোয়ারেন্টিন পালন করতে হবে না। বিডিক্রিকটাইম
এমবি





