বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের দেয়া নতুন শর্ত মেনে এই মুহূর্তে সেদেশে সফরে যাওয়া সম্ভব নয়।

তবে কি বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে গেল?

এমন প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেন, বাতিল বলা যাবেন না, আমরা আমাদের সিদ্ধান্তের কথা শ্রীলঙ্কা বোর্ডকে জানিয়ে দিয়েছি। এখন তারা যদি আমাদের দাবি মেনে নেয় তবে অবশ্যই সফর হবে। তবে আপাতত আমরা ঘরোয়া ক্রিকেট শুরু করবো।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবি কার্যালয়ে শ্রীলঙ্কা সফর নিয়ে জরুরি সভা শেষ গণমাধ্যমের কাছে তিনি এইসব কথা জানান।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের শর্ত হলো, বাংলাদেশ দলকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিসিবি বলছে, ১৪ দিন নয়, ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টাইগার ক্রিকেটাররা।

এ নিয়ে দুই বোর্ডের কথা চালাচালির মধ্যেই আজ মিরপুরে শেরে বাংলা স্টেডিয়ামে এসে হাজির হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির অন্য পরিচালকদের সঙ্গে মিটিং শেষে মিডিয়ার মুখোমুখি হলেন তিনি।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নাকি বিসিবিকে আরও শর্ত দিয়েছে, সফরে নেট বোলার নিয়ে যাওয়া যাবে না।

বিসিবি সভাপতি আরও বলেন, “শ্রীলঙ্কা আমাদেরকে যে শর্ত দিয়েছে, সেটা মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন, কোনো কিছুই খেলতে যাওয়া সম্ভব নয়। আমরা আমাদের অবস্থান পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছি। এখন তারা যদি শর্ত রিভিউ করে, তাহলে আমরা পরবর্তী বিবেচনা করবো। কিন্তু শর্ত পরিবর্তন না করা পর্যন্ত আমরা সফরে যাবো না।”

শ্রীলঙ্কার শর্ত হলো, “বাংলাদেশ দল সেখানে যাওয়ার পর কোয়ারেন্টাইনের সময়টাতে হোটেলের রুম থেকেও বের হতে পারবে না।”

বিসিবি সভাপতি এ নিয়ে বলেন, “তারা শর্ত দিয়েছে আমরা ঘর থেকেও বের হতে পারবো না। এটা তো অতিরিক্ত। আমি আরও বেশ কিছু জায়গায় কথা বলেছি। সে সব জায়গায় তো এমন নেই। তাহলে তাদের মধ্যে এমন কোনো সমস্যা রয়েছে, যেটা আমরা জানতে পারছি না! তাহলে সেটা কি?”

বাংলাদেশ দল গিয়ে কোয়ারেন্টাইনে থাকবে ডাম্বুলায়। বিসিবি সভাপতি এ নিয়ে বলেন, “বাংলাদেশ দল সেখানে গিয়ে থাকবে ডাম্বুলায়। এমন নয় যে কলম্বোয় থাকছে। ডাম্বুলায় থাকা মানে এমনিতেই আইসোলেটেড। এর মধ্যে আবার হোটেলের মধ্যেও রুম থেকে বের হতে পারবে না- এসব দেখেই আমাদের মনে হয়েছে, এখানে ভিন্ন কিছু রয়েছে। আমাদের দলের সঙ্গে এসবের কোনো মিল নেই।”

এমবি