হিসাবটা আগেই পরিষ্কার ছিল। শেষ ম্যাচে ড্র করতে পারলে নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে রানার্স-আপ হতে পারবে আবাহনী লিমিটেড। তবে ড্র নয়, জয় দিয়ে লিগে ইতি টানল তারা। বুধবার শেষ ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে ১-০ গোলে। এতে লিগে দ্বিতীয় স্থানেই থাকল ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গোলশূন্য থাকে প্রথমার্ধের লড়াই। তবে দ্বিতীয়ার্ধে গোলের সন্ধান পায় ঢাকা আবাহনী। খেলার ৬০ মিনিটে স্বাগতিকদের জালে বল জড়িয়ে দেন মিশু। এই গোলটি আর শোধ করতে পারেনি চট্টগ্রামের ক্লাবটি।

শেষ ম্যাচে হারের ফলে লিগে ২৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে থাকল চট্টগ্রাম আবাহনী। এদিকে রানার্স-আপ ঢাকা আবাহনীর সংগ্রহ ৫০ পয়েন্ট। তবে লিগ চ্যাম্পিয়ন শেখ জামালের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে তারা। এখনও শেখ জামালের হাতে আছে এক ম্যাচ।

বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচ খেলতে দুপুর ২টায় মাঠে নামবে শেখ জামাল। প্রতিপক্ষ শেখ রাসেল। একই দিনে বিকাল ৪টায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ফেনী সকার ক্লাব।

ঢাকা, ২৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই