দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেল কলম্বিয়া বিশ্বকাপ ফুটবল দল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার মাধ্যমে ঐতিহাসিক সফলতা অর্জন করা দলটি রোববার কলম্বিয়ার রাজধানী বোগাটায় পৌঁছলে তাদের স্বাগত জানাতে রাস্তায় ১০ হাজারেরও বেশী ফুটবল অনুরাগী সমবেত হয়।
রাজধানী বোগোটায় আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যান ও তার শিষ্যদের সম্মানে শুরু হয় পার্টি। কারণ তার অধীনেই কলম্বিয়া ফুটবল দল বিশ্বকাপ আসরে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার কৃতিত্ব প্রদর্শন করেছে। ফোর্তালেজায় শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক ব্রাজিলের কাছে ২-১ গোলে পরাজয় বরণ করে কলম্বিয়া।
খেলোয়াড় পরিবাহী এ্যাভিন্সা এয়ারলাইন্সের বিমানটি ব্রাজিল থেকে এল ডোরাডো বিমান বন্দরে পৌছানোর পর তাদেরকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় বিমান বন্দরের নিরাপত্তা কর্মকর্তা ও কর্মীরা দেশের এই হিরোদের সঙ্গে হাত মেলাতে হুমুড়ি খেয়ে পড়ে। এরপর ছাদ খোলা একটি বাসে করে তাদেরকে বিমান বন্দর থেকে শোভাযাত্রার মাধ্যমে মুল শহরে নিয়ে আসা হয়।
সমর্থকদের বাঁধবাঙ্গা এই উচ্ছাস দেখে চলতি বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা কলম্বিয় তারকা জেমস রদ্রিগুয়েজ বলেন, ‘আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের এভাবে অভ্যর্থনার জন্য। আমরা আপনাদের ভালবাসি।’
খেলোয়াড়দের পরিবাহী বিমানটির ক্রু নাদিয়া ক্যারাকোল বলেন, ‘আমার জীবনে এটি ছিল সবচেয়ে রোমাঞ্চকর ফ্লাইট।’
এসময় জাতীয় বীরদের অভ্যর্থনা জানাতে আসা দর্শকদের অধিকাংশের গায়ে চড়ানো চিল জাতীয় দলের হলুদ জার্সি।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





