অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই চার ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে মহেন্দ্র সিং ধোনির ভারত। মঙ্গলবার সিরিজ হার নিশ্চিত হওয়ার পর অধিনায়ক থেকেই নন, টেস্ট ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন ধোনি। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিষয়টি নিশ্চিত করেছে।

সিরিজে এখনও এক ম্যাচ বাকি আছে। কিন্তু তার আগে অধিনায়ক ধোনি অবসরের ঘোষণা দেয়ায় শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিরাট কোহলি। চলতি সিরিজের প্রথম ম্যাচে ইনজুরির কারণে ধোনি দলে না থাকায় সেই ম্যাচেও অধিনায়ক ছিলেন কোহলি।

বিসিসিআই-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, "ভারতের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক, যার অধীনে ভারত বিশ্ব টেস্ট র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর স্থান অর্জন করেছিল, সেই মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।"

ভারতের হয়ে ৯০টি টেস্ট খেলেছেন ধোনি। এর মধ্যে ৬০টিতে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

জেডআই