সংবাদ সম্মেলনে আসতে ‘চমৎকার’লেগেছে রুবেল হোসেনের। আগের ম্যাচেও ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন রুবেল হোসেন। বুধবারও এলেন। বিপিএলের শেষ দিকে এসে রুবেল ধারাবাহিক ভালো বোলিং করছেন। কিন্তুএবার এসেছেন অন্যরকম ভালো লাগা নিয়ে।

দুর্দান্ত বোলিং করেছেন। পাওয়ার প্লেতেই রংপুর রাইডার্সের দুই ব্যাটিং ভরসা ক্রিস গেইল ও রাইলি রুশোকে পর পর দুই বলে আউট করে পেয়েছিলেন হ্যাটট্রিকের সুযোগ। সুযোগটা কাজে লাগাতে না পারলেও পুরো ইনিংসে অসাধারণ বোলিং করেছেন রুবেল।

৩.৪ ওভারে ১ মেডেন দিয়ে ২৩ রানে পেয়েছেন ৪ উইকেট। হাতে উঠেছে ম্যাচসেরা পুরস্কারও। ভালো বোলিং করছেন, দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে তাঁকেই পাঠাচ্ছে টিম ম্যানেজমেন্ট।

বারবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেমন লাগছে? লাজুক স্বভাবের রুবেল দুই শব্দে বললেন, ‘চমৎকার লাগছে’রুবেলের ‘চমৎকার’লেগেছে আজ গেইলকে আউট করেও।

গতবারের রংপুরের সঙ্গে এবার ঢাকার একটা জায়গায় মিলে যাচ্ছে। গত বিপিএলে রংপুর শেষ চারে উঠেছিল অনেক কষ্টে। পরে তারাই হলো চ্যাম্পিয়ন। এবার ঢাকাও একইভাবে উঠেছে ফাইনালে।

রংপুরের মতো ঢাকাও কি তবে চ্যাম্পিয়ন? তবে কষ্টেসৃষ্টে শেষ চারে ওঠাটা ইতিবাচকভাবেই দেখছেন রুবেল, “সব কিছু কষ্ট করে অর্জন করা ভালো। টানা পাঁচ ম্যাচ হেরে মানসিকভাবে একটু পিছিয়ে পড়েছিলাম আমরা। সামনের ম্যাচটা (ফাইনালে) ভালো খেলতে পারলে ভালো ফল হবে আশা করি।”

গতকাল ৬ ফেব্রুয়ারি বিপিএল’র ষষ্ঠ আসরে ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাট করতে নেমে ৩ বল বাকি থাকতে ১৪২ রানেই গুটিয়ে যায় রংপুর রাইডার্সের ইনিংস।

মাশরাফির রংপুর রাইডার্সকে ৫ উইকেট আর ২০ বল হাতে রেখেই হারিয়ে দিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস, নাম লিখিয়েছে ফাইনালে। আর তাতেই বিদায় হয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের।

এমবি