কক্সবাজারে দুর্ঘটনার হাতে থেকে রক্ষা পেলেনবাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজার ও ক্রিকেটাররা।
রোববার থেকে কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের চারদিনের ম্যাচ।
ম্যাচটি শুরু হওয়ার ঘণ্টা খানেক পর হঠাৎ করেই খসে পড়ছে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের ফলস সিলিং। তবে দলের ক্রিকেটার এবং কর্মকর্তারা এই সময় ড্রেসিং রুমের ভিতরে না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তারা।
ঘটনার সময় বাংলাদেশ ‘এ’ দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু ড্রেসিং রুমেই উপস্থিত ছিলেন। দুর্ঘটনাটি ঘটার পর ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কক্সবাজার স্টেডিয়ামের ড্রেসিংরুমের ছাদ ভেঙে পড়েছে।’ পরবর্তীতে এই বিষয়ে তিনি বলেছেন, ‘ড্রেসিং রুমের গোটা ফলস সিলিংটাই খুলে পড়েছে । আমি অল্পের জন্য রক্ষা পেয়েছি।
যদি আমি ওই সময় উঠে না যেতাম তাহলে আমার উপরই ওটা খুলে পড়ত ।ভয়ংকর দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।’
খবর নিয়ে জানা যায়, বেশ কয়েটি ফলস সিলিং খুলে পড়েছে। এর কারণ হিসেবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ‘সিলিংগুলো যে তার দিয়ে বাঁধা হয়েছে তা জং ধরে নষ্ট হয়ে যাওয়ায় সিলিং খুলে পড়েছে।’
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টইমনিউজবিডি.কম, এসআর





