ভারত সফরে প্রথম তিনদিনের ম্যাচে হেরে গেছে বাংলাদেশ ‘এ’ দল। মাইসোরে অনুষ্ঠিত ম্যাচে কর্নাটকের কাছে ৪ উইকেটে হেরেছে মুমিনুলের দল।

বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৮১ রানের টার্গেটে খেলতে নেমে তৃতীয় ও শেষ দিনে ৪ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলে ম্যাচ জিতে নেয় কর্নাটক। এই ইনিংসে বাংলাদেশের পক্ষে আল-আমিন হোসেন ও সাকলাইন সজীব ২টি করে উইকেট নেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩০৯ রানে অল আউট হয় বাংলাদেশ। লিটন দাস ৩৭ ও সৌম্য সরকার ২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। তবে দু’জনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। লিটন ৩৮ ও সৌম্য ৪৩ রানে আউট হন।

এরপর বাংলাদেশের ইনিংসকে সামনের দিকে টেনে নিয়ে গেছেন নাসির হোসেন ও শুভাগত হোম। তবে এই দু’জনও বড় ইনিংস খেলতে পারেননি। ফলে বড় সংগ্রহের পথ তৈরি হবার পর তা পায়নি বাংলাদেশ। নাসির ৪৪ ও শুভাগত ৫০ রান করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৯ রান করেন ওপেনার এনামুল হক বিজয়।

আগামী ২৭ সেপ্টেম্বর সফরের দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতীয় ‘এ’ দলের।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ ‘এ’ দল : ১৫৮ ও ৩০৯, ৭৬ ওভার (এনামুল ৮৯, শুভাগত হোম ৫০, নাসির ৪৪, সুচিথ ৬/৬০)।

কর্ণাটক : ২৮৭ ও ১৮৫/৬, ৪০.৫ ওভার (গৌতম ৪৯, গোপাল ৪০*, আল-আমিন ২/২৩)।

ফল : কর্নাটক ৪ উইকেটে জয়ী।

জেডআই