অ্যাশেজ লড়াইয়ের চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ইংলিশ বোলার স্টুয়ার্ট ব্রডের বোলিং তোপে মাত্র ৬০ রানে অল আউট হয়েছে অস্ট্রেলিয়া।
বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে টসে জিতে সফরকারীদেরকে প্রথমে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। কিন্তু কোনো ব্যাটসম্যানকেই মাঠে টিকতে থাকতে দেননি তারা। শেষ পর্যন্ত মাত্র ১৮.৩ ওভারে ৬০ রানেই তাদের ইনিংস গুটিয়ে দেয়।
অবশ্য টেস্টে অস্ট্রেলিয়ার এটাই সর্বনিম্ন স্কোর নয়। ৬০ রানের আগে মোট ছয় বার অল আউট হওয়ার রেকর্ড আছে ক্যাঙ্গারুদের। তার মধ্যে পাঁচবারই ইংল্যান্ডের বিরুদ্ধে ৬০ রানের কমে ইনিংস গুটিয়ে যায় তাদের। টেস্টে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর ৩৬ রান। ১৯০২ সালে বার্মিংহামে দ্রুত অল আউট হওয়ার রেকর্ড গড়ে দলটি।
ইংল্যান্ডের বোলার স্টুয়ার্ড ব্রডই একাই নিয়েছেন ৮ উইকেট। ৯.৩ ওভারে ৫টি মেডেন নিয়ে মাত্র ১৫ রান দেন তিনি।
টসে হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া শিবিরে উদ্বোধনী ওভারেই জোড়া আঘাত হানেন ব্রড। ওভারের তৃতীয় ও শেষ বলে রজার্স (০) ও স্মিথকে (০) বিদায় করে দেন তিনি।
নিজের দ্বিতীয়, তৃতীয় ওভারে আরো দুটি উইকেট নেন। পঞ্চম উইকেট পান চতুর্থ ওভারের প্রথম বলে। ফলে মাত্র ১৯ বলেই ৫ উইকেট তুলে রেকর্ড গড়েন তিনি। ১৯ বলে ৫ উইকেট তুলে নেওয়ার আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার আর্নি টোশাকের।
১৩তম ওভারে আবার জোড়া আঘাত হানেন ব্রড। চতুর্থ ও শেষ বলে স্টার্ক (১) ও জনসনকে (১৩) সাজঘরে ফেরান তিনি। ১৯তম ওভারে লিয়নকে বিদায় করে দিয়ে ইনিংস গুটিয়ে দেন তিনি।
বাকি উইকেট দুটি নেন মার্ক উড এবং স্টিভেন ফিন।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে জনসনের ১৩ রান ও ক্লার্কের ১০ রানই দুই অঙ্কের ঘরের স্কোর। তবে অতিরিক্ত খাতায় যোগ হয়েছে ১৪ রান। আর দুই ওপেনার রজার্স, ওয়ার্নার ও শন মার্শ রানের খাতা খুলতে পারেননি।
জেডআই





