টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান করছে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। তবে গানে গানে ক্রিকেট বিশ্বকে মাতাতে মেগা কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়েছে এই অনুষ্ঠান।
বিকাল ৩টা থেকেই স্টেডিয়ামে গানের তালে তালে অনুষ্ঠান শুরু হলেও মূল অনুষ্ঠান শুরু হয়েছে সন্ধ্যায়। মেগা কনসার্টে দর্শক মাতাবেন বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, কুমার বিশ্বজিৎ, মমতাজসহ বিভিন্ন শিল্পী। এ ছাড়া থাকছে এলআরবি, মাইলস, সোলস, অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস সুরের মূর্ছনাও। গান গাইবেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সুরকার গীতিকার এ আর রহমান, উদিত নারায়ন, জাভেদ আলী, নীতি মোহন, শ্বেতা পণ্ডিত, আনন্দন শীবামনি অহর দ্বীপ কৌড়। এ আর রহমানের নেতৃত্বে প্রায় ১৩০ জনের একদল গাইয়ে মঞ্চ মাতাতে সরব থাকবেন প্রায় ২ ঘণ্টা। সঙ্গে আরো থাকছেন আমেরিকান হার্টথ্রুব আরএন্ডবির একন।
আইসিসি অফিসিয়াল ইভেন্ট গান ‘চার ছক্কা হই হই’ গাইবেন পান্থ কানাই, কনা, এলিটা, জোহান, শান্ত, পূজা আর তাপস। সঙ্গে বাজবে বিসিবির স্বাগত সংগীত-উড়ছে শান্তির পায়রা; গাইবেন ফুয়াদ আল মুক্তাদির ও কোনাল। এ ধরনের কনসার্ট বাংলাদেশে এবারই প্রথম হচ্ছে। আয়োজনকে প্রাণবন্ত করতে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তির স্পর্শে আলো ও শব্দের সম্মিলন ভিন্ন মাত্রার এক আবহ সৃষ্টি করবে। ৩ স্তরের প্রযুক্তি ব্যবহার করে তুলে ধরা হবে বাংলাদেশ; বাংলাদেশের ক্রিকেটের ইতিহাস-ঐতিহ্য। আর শেষ হবে বর্ণিল আতশবাজির আলোকছটায়।
বিশ্বকাপের আগে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।