এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ দল। শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের খেলায় ইরানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এরই মধ্য দিয়ে গতবার ইরানের কাছে ১-২ গোলে হেরে যাওয়ার প্রতিশোধও নেয়া হলো বাংলাদেশের।
খেলার প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে মারজিয়ার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর মৌসুমি ও তহুরা খাতুনের গোলে বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশ নারী দলের।
প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য আরো মরিয়া হয়ে পড়ে বাংলাদেশ নারী দল। ৬৩তম মিনিটে এর সুফলও পায় দলটি। মারিয়া মান্ডার শট ইরানি গোলরক্ষক জায়েদেহ ফেরালেও বল বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বলে দারুণ প্লেসিং শটে বাংলাদেশকে উল্লাসে ভাসান মারজিয়া।
তিন মিনিট পর মৌসুমির গোলে জয় অনেকটাই নিশ্চিত হয় বাংলাদেশের। সানজিদার পাস থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন মৌসুমি। নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার চার মিনিট আগে মনিকা চাকমার ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ হেডে গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন তহুরা।
মোট ২৪টি দল এবারের অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। প্রতিটি গ্রুপের সেরারা পাবে ২০১৭ সালে থাইল্যান্ডের মূল পর্বে খেলার টিকেট। ‘সি’ গ্রুপে বাংলাদেশ ও ইরান ছাড়া অপর চারটি দল হলো- চাইনিজ তাইপে, কিরগিজস্তান, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর।
শনিবার দিনের প্রথম ম্যাচে কিরগিজিস্তানকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে চাইনিজ তাইপে। আর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে ২-২ ড্র করে সংযুক্ত আরব আমিরাত।
এম এ





