বিশ্বকাপে বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে আছে বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাহিদ হাসান এমিলির গোলে ১-০ গোলে লিড নিয়েছে স্বাগতিকরা।

সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচের মতো এদিনও শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। তবে প্রথমার্ধে গোলটি শোধ করতে পারেনি সাফ চ্যাম্পিয়নরা।

খেলার ৪ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মামুনুল ইসলামের ফ্রি-কিক থেকে গোল করেন ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি।

ম্যাচের ১২ মিনিটে দারুণ এক সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। তবে একের পর এক আক্রমণে আফগানিস্তানকে চাপে রেখেছিল মামুনুলরা।

তবে ম্যাচের ২৬ মিনিট থেকে গুছিয়ে খেলতে শুরু করে আফগান দলটি। একাধিক আক্রমণে যায় 'দ্য লায়ন্স অফ খোরাসান' খ্যাত দলটি। ডি-বক্সের মধ্যে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। ৩২ মিনিটে আফগান মিডফিল্ডার ফয়সাল সায়েস্থির একটি শট বারের উপর দিয়ে চলে যায় মাঠের বাইরে।

৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার একটি সুবর্ণ সুযোগ মিস করে বাংলাদেশ। ডি-বক্সের বাম পাশ দিয়ে বাড়ানো বলটি রিসিভ করতে গিয়ে পা ফসকে পড়ে যান হেমন্ত ভিনসেন্ট।

আর ৪৪ মিনিটে জুয়েল রানার ক্রসে মাথা ছোঁয়ালেই গোল পেতে পারতেন জাহিদ হাসান এমিলি। কিন্তু তিনি ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

এদিন ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য এবং সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চুর মৃত্যুতে এক মিনিটের নীরবতা পালন করা হয়।

জেডআই