জাতীয় দলের সাবেক ক্রিকেটার আরাফাত সানীকে স্ত্রী নাসরিন সুলতানার সঙ্গে সমঝোতার জন্য ১০ দিনের সময় দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নারী নির্যাতন আইনের মামলায় এ ক্রিকেটারের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের নিষ্পত্তিতে এ আদেশ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার আরাফাত সানী আদালতে হাজির হয়ে চতুর্থ দফা জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করেন। এদিন পর্যন্ত বাদি নার্গিসের সঙ্গে এ আসামির সমঝোতা না হওয়ায় আদালত ১০ দিনের সময় প্রদান করেন এবং ওইদিন পর্যন্ত জামিনের মেয়াদ বর্ধিত করেন। ১০ দিনের মধ্যে সমঝোতা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিচারক।
সানীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু, এম. জুয়েল আহম্মদ এবং মুরাদুজ্জামান মুরাদ এবং বাদী নসিরিনের পক্ষে অ্যাডভোকেট আতিকুর রহমান শুনানি করেন।
এর আগে গত ৯ মার্চ একই আদালত সানীকে ১০ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এরপর ১৫ মে ৭ জুন পর্যন্ত জামিন মঞ্জুর করেন। গত ১ ফেব্রুয়ারি ঢাকার চার নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন সানীর স্ত্রী নাসরিন সুলতানা।
মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে উভয়ের ঘনিষ্ঠতা হয়। একপর্যায়ে তারা দুজন দুজনকে ভালবাসেন। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের তিন বছরেও সানী দুই পরিবারের সঙ্গে আলোচনা করে নাসরিন সুলতানাকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন।
উল্লেখ্য, আরাফাত সানীর বিরুদ্ধে নাসরিন সুলতানা নারী নির্যাতনের মামলা ছাড়াও যৌতুক আইনে একটি মামলা এবং তথ্য-প্রযুক্তি আইনে আরেকটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গত ২২ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। চার্জশিটে আরাফাত সানীর সাথে যে নাসরিন সুলতানার বিয়ে হয়েছিলে চার্জশিটে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো. ইয়াহিয়া।
এমবি





