পেনাল্টি শুট আউটে কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় জয় পেয়েছে কোস্টারিকা। আর এ জয়ের মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেছে মধ্য আমেরিকার দল কোস্টারিকা।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলের সমতায় শেষ হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত সময়ে কোনো দলই আর কোনো গোল করতে না পারায় ট্রাইব্রেকে খেলার নিষ্পত্তি হয়।
কোস্টারিকার হয়ে প্রথম পেনাল্টি শট নেন সেলসো বোর্হেস। গ্রিসের গোলরক্ষক ওরেসতিস কার্নেজিস তার শট আটকাতে ব্যর্থ হলে ১-০ তে এগিয়ে যায় কোস্টারিকা। এরপর মিত্রগলু গ্রিসের হয়ে প্রথম পেনাল্টি থেকে গোল করে ১-১ সমতা আনেন।
কোস্টারিকার হয়ে দ্বিতীয় পেনাল্টি নিতে আসেন ব্রায়ান রুইজ। রুইজের গোলে ২-১ এগিয়ে যায় কোস্টারিকা। তবে দ্বিতীয় শটে ক্রিস্তোদোলোপৌলস গোল করলে আবারও ২-২ সমতায় ফেরে গ্রিস।
কোস্টারিকার তৃতীয় পেনাল্টি শট নিতে এসে গোল করেন গনজালেজ। অন্যদিকে গ্রিসের হযে তৃতীয় শট থেকে গোল করে ৩-৩ সমতা আনেন হোলেবাস।
কোস্টারিকার ৪র্থ পেনাল্টি শট নেন জোয়েল ক্যাম্পবেল। তিনি গোল করে কোস্টারিকাকে ৪-৩ গোলে এগিয়ে দেন। এরপর কোস্টারিকা গোলরক্ষক কেইলর নার্ভাস গ্রিসের খেলোয়াড় গেকাসের জোরালো শট ফিরিয়ে দিলে ৪-৩ গোলে পিছিয়ে পড়ে গ্রিস।
এরপর মাইকেল ওমানিয়া কোস্টরিকার হযে ৫ম শটে গোল করলে গ্যালরি জুড়ে কোস্টারিকা সমর্থকরা বিজয়ে আনন্দে মাতেন। মাঠজুড়ে কোস্টারিকা খেলোয়াড়েরা উৎসব শুর করেন। অন্যদিকে ৫-৩ গোলে পিছিয়ে পড়ার পর গ্রিসের ৫ম পেনাল্টি শটটি নেওয়ার প্রয়োজন ফুরিয়ে যায়।
এর আগে ম্যাচের নির্ধারিত সময়ের ৯০ মিনিটে পাপাস্তাথোপৌলসের গোলে নাটকীয়ভাবে সমতায় ফেরে গ্রিস। তার এ গোলের সুবাদে ব্রাজিল-চিলির মতো কোস্টারিকা-গ্রিস ম্যাচটিও অতিরিক্ত সময়ে গড়ায়।
ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





