ইনজুরিতে পড়া ইয়াসির শাহ'র পরিবর্তে পাকিস্তান ওয়ানডে দলে নেয়া হয়েছে জুলফিকার বাবরকে।
বুধবার নারয়ণগঞ্জের ফতুল্লাহ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণের সময় ইনজুরির কবলে পড়েন ইয়াসির। তাকে ঢাকার একটি হাসাপাতালে নিয়ে আসা হয়। সেখানে চোটগ্রস্ত আঙ্গুলে তিনটি সেলাই দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর ফলে সিরিজ শুরুর আগে সফরকারী দলের তৃতীয় ক্রিকেটার হিসেবে স্কোয়াডের বাইরে চলে যেতে হচ্ছে ইয়াসির শাহকে। এর আগে ইনজুরির কবলে পড়ে একে একে দল থেকে ছিটকে পড়েন যথাক্রমে শোয়েব মাকসুদ ও সোহেল খান।
২০১৪ সালের ডিসেম্বরে পাকিস্তানের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন বাবর। বিশ্বকাপ দলে ছিলেন না এই স্পিনার।
জেডআই





