ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে বড় লিড পেয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিন শেষে ডেভিড ওয়ার্নারের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান তুলেছে স্বাগতিকরা। সেই সঙ্গে ৩৬৩ রানের লিড নিয়েছে মাইকেল ক্লার্কের দল।

আগের দিন ৫ উইকেট হারিয়ে ৩৬৯ রান করেছিল ভারত। চতুর্থ দিনে খেলতে নেমে সুবিধা করতে পারেনি দলটি। ৪৪৪ রান তুলেই গুটিয়ে গেছে সফরকারীরা। মূলত নাথান লায়নের বোলিংয়েই মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি ভারতের লেজের দিকের ব্যাটসম্যানরা।

আগের দিন ২ উইকেট পেলেও চতুর্থ দিনে লায়ন নিয়েছেন আরও ৩টি উইকেট। এর মাধ্যমে হোম সিরিজের ভারতের বিপক্ষে দ্বিতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন এই স্পিনার। এর আগে সফরকারীদের বিপক্ষে হোম সিরিজে ১৯৬৮ সালে ৫ উইকেটে নিয়েছিলেন বব সিম্পসন।

অস্ট্রেলিয়ার বোলিংয়ে ভারতীয়রা কাঁবু হলেও দ্বিতীয় ইনিংসে দারুণ ব্যাটিং করেছে স্বাগতিকরা। সেঞ্চুরি পেয়েছেন ওয়ার্নার। সাজঘরে ফেরার আগে ১৬৬ বল খেলে ১০২ রান করেছেন তিনি। এ ছাড়া ৪০ রান করেছেন মিচেল মার্শ। তাই দিন শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৯০ রান। ক্রিজে রয়েছেন স্টিভেন স্মিথ (৫২ রান) ও ব্রাড হাডিন (১৪ রান)।

সংক্ষিপ্ত স্কোর :

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস : ২৯০/৫ (ওয়ার্নার ১০২, স্মিথ ৫২*, মার্শ ৪০; কার্ন ২/৯৫)

অস্ট্রেলিয়া প্রথম ইনিংস : ৫১৭/৭ ডিক্লে

ভারত প্রথম ইনিংস : ৪৪৪ (বিরাট ১১৫, রাহানে ৬২; লায়ন ৫/১৩৪)

কেএইচ