স্প্যানিশ কাপের শেষ ষোলোর ম্যাচে লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজদের কাছে ধরাশায়ী হয়েছে এলচে। বৃহস্পতিবারের ম্যাচটিতে ৫-০ গোলে জিতেছে মেসিদের বার্সেলোনা।

গত রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ছিলেন না মেসি-নেইমার। ম্যাচটি হেরে যাওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন কোচ লুইস এনরিক। বৃহস্পতিবার রাতে নিজেদের মাঠ কাম্প ন্যুতে ঝুঁকি নেননি তিনি।

একের পর এক আক্রমণ চালালেও প্রথম গোলটি পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় ৩৫ মিনিট। অবশেষে সুয়ারেজের দারুণ পাসে সহজ গোলটি করেন ব্রাজিল তারকা নেইমার।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। বাঁ দিক থেকে বল নিয়ে এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে কাছের পোস্ট দিয়ে গোলরক্ষককে ফাঁকি দেন উরুগুয়ের এই ফরোয়ার্ড।

বিরতির ঠিক আগেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-০ করে ফেলেন মেসি। ডি-বক্সে নেইমারকে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

দ্বিতীয়ার্ধে চার মিনিটের মধ্যে দুই গোলে বার্সেলোনার বড় জয় নিশ্চিত হয়ে যায়। ৫৬তম মিনিটে মেসির দারুণ কোনাকুনি পাসে পা ছুঁইয়ে গোল করেন জরদি আলবা। আর ৫৯তম মিনিটে নেইমারের অসাধারণ এক শট ক্রসবারের নিচে লেগে জালে ঢোকে।

আগামী বৃহস্পতিবার এলচের মাঠে দ্বিতীয় পর্বের ম্যাচ খেলতে যাবে বার্সেলোনা। সেখানে বড় কোনো অঘটন না ঘটলে কোয়ার্টার-ফাইনালে রিয়াল মাদ্রিদ আর অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে জয়ী দলের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

জেডআই