প্রথমজন একটা সময় ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের পোস্টার বয়। দ্বিতীয়জন ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের ‘মস্তিষ্ক’।
স্বভাবতই দুজনের মধ্যে খুব একটা ভাল সম্পর্ক ছিল না। বর্তমানে দুজনেই এক দলের। দুজনের লক্ষ্য এক। তাতেও সেই তেতো সম্পর্কের রেশ যেন আজও তাদের তাড়া করছে।
তারা— রাফায়েল বেনিতেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল অনুশীলনে মেজাজ হারিয়ে বেনিতেজকে গালিগালাজ করে ফেললেন রোনালদো!
ঘটনাটা কী? প্রাক মরসুম সফরে প্রথম ম্যাচে রোমার বিরুদ্ধে হারের পরে এমনিতেই নাকি রিয়াল ড্রেসিংরুমের অবস্থা ভাল নেই। এদিন মেলবোর্নে মাদ্রিদ অনুশীলনে চলছিল ক্রসবার চ্যালেঞ্জ।
এমন অনুশীলন নতুন কিছু নয়। অর্থাৎ বলটা দিয়ে বারপোস্টে মারতে হবে ফুটবলারদের। আর তাতেই নাকি মেজাজ হারিয়ে ফেলেন সিআর সেভেন। যার যুক্তি, ক্রসবার নয় ফুটবলারদের বলটা গোলে মারার অভ্যাস করা উচিত।
ভিডিওতে ধরা পড়ে রোনালদো পর্তুগিজ ভাষায় অশ্লীল গালিগালাজ করছেন। এখানেই ঝামেলা থামেনি। রোনালদোর করা একটা গোল অবৈধ বলেন বেনিতেজ।
তখন পর্তুগিজ মহাতারকা নাকি বলে দেন, ‘পর্তুগিজদের বিরুদ্ধেই তুমি সব সিদ্ধান্ত দিচ্ছ।’ ‘তুমিটা’ এখানে সেই কোচ যিনি লিভারপুলে থাকাকালীন রোনালদোকে বহুবার কটাক্ষ করে বিখ্যাত হয়েছেন।
যদিও সিআর সেভেনের এমন আচরণ আদতে তার লড়াকু মানসিকতারই প্রমাণ, মনে হচ্ছে রিয়ালের স্প্যানিশ কোচের। ‘আমি খুবই ভাগ্যবান রোনালদোকে কোচিং করাতে পেরে। ওর সঙ্গে অনেক কথা বলেছি। ও খুব লড়াকু ফুটবলার। সব সময় জিততে চায়। এটা অন্য ফুটবলারদের মধ্যেও দেখতে চাই।’
এমনিতেই কার্লো আনচেলত্তি কোচ থেকে সরার পর রোনালদো একহাত নিয়েছিলেন রিয়াল কর্তাদের। তার উপরে এই ঘটনার পরে নতুন করে জল্পনা বেড়ে গেল ঠিক কতটা ভাল সম্পর্ক কোচ ও তার সেরা হাতিয়ারের মধ্যে।
রিয়ালের এক সূত্র মতে, আগামী মরসুমে নাকি অনেক বেশি রক্ষণাত্মক খেলতে চান বেনিতেজ, যা রোনালদোর খেলার স্টাইলের বিরুদ্ধে যেতে পারে। তার উপরে আবার গ্যারেথ বেল নাকি দলের মধ্যমণি হবেন।
অর্থাৎ তাকে ঘিরেই দল গড়া হবে। যা নিয়ে নাকি খুব একটা খুশি নন রোনালদো। যে কারণে তার ক্লাব ছাড়ার জল্পনাও তুঙ্গে। মহাতারকাকে সই করাতে ওঁৎ পেতে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজির মতো ক্লাব।
এমআর





