জিম্বাবুয়ের বিপক্ষে ২-১'এ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদেরকে ৩৮ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় কিউইরা।
শুক্রবার হারারে স্পোর্সট ক্লাবে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময় ২৭৩ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া নিউজিল্যান্ড। জবাবে ৪৭.৪ ওভারে ২৩৫ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় জিম্বাবুয়ের।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে হ্যামিল্টন মাসাকাদজা ও চিভাভা ৯৭ রান জমা করেন। কিন্তু চিভাভা ৩২ রান করে আউট হওয়ার পর মাসাকাদজাও মাঠ থেকে বিদায় নেন। ৭১ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫৭ রান করেন তিনি।
ওয়ানডাউনে মাঠে নামা এরভাইন (৩২) আউট হলে সীন উইলিয়ামস ছাড়া বাকিরা দ্রুতই মাঠ থেকে বিদায় নেন। অষ্টম উইকেটে বিদায় নেয়ার আগে ৬২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৩ রান করেন উইলিয়ামস।
কিউই সেরা বোলার ম্যাকক্লেনাঘান সর্বোচ্চ তিনটি উইকেট পান।
এর আগে নিউজিল্যান্ডকে লড়াই করার মতো স্কোর এনে দিতে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন কেন উইলিয়ামসন। ১০৯ বল মোকাবিলা করে আটটি চার ও একটি ছক্কায় ৯০ রান সংগ্রহ করেছেন তিনি।
তাছাড়া ওপেনার মার্টিন গাপটিল ৪২ রান করেন। এছাড়া ইলিয়ট ৩৬ ও নীশাম ৩৭ রান করেন। শেষের দিকে নাথান ম্যাককালাম ১৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন।
জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার তিনটি, নাইম্বু দুটি করে উইকেট নেন।
জেডআই





