টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেন পর্বে প্রথম দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার পাকিস্তানের বিপক্ষে খেলতে নেমেও বল হাতে সুবিধা করতে পারেনি তারা। এক আহমেদ শেহজাদের কাছেই পরাস্ত হয়েছেন মুশফিকরা। বিপরীতে স্বাগতিক বোলারদেরকে বেধড়ক পিটিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন শেহজাদ। তার সেঞ্চুরিতে ৫ উইকেটের বিনিময় বাংলাদেশকে ১৯১ রানের পাহাড় সমান লক্ষ্য বেধে দিয়েছে পাকরা।
রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শেহজাদ ব্যাট হাতে দুর্দান্ত হলেও বাকিরা বেশি সুবিধা করতে পারেনি। ওপেনিং জুটির ৪৩ রানে মাত্র ৯ রান অবদান রেখে মাঠ থেকে বিদায় নিয়েছেন কামরান আকমল। ৮ রান করে বিদায় নেন ওয়ানডাউনে মাঠে আসা মোহাম্মদ হাফিজ। আগের উইকেট শিকারি আব্দুর রাজ্জাকের বলে স্টাম্পিংয়ের শিকার হন তিনি।
ক্রিজে এসে উমর আকমল রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছেন। মাহমুদুল্লাহর বলে তামিমের তালুবন্দী হন এই ব্যাটসম্যান। পরে শোয়েব মালিক ২৩ বলে ২৬ রান করে আউট হলে মাঠ আসেন আফ্রিদি। ৯ বলেই করেন ২২ রান। বুম বুম আফ্রিদিকে মাঠ টিকতে দেননি আল আমিন হোসাইন। তবে ঠিকই খেলা শেষ করে মাঠ ছেড়েছেন শেহজাদ। সেঞ্চুরির পর ক্যাচ তুলে দিয়ে একবার সাজঘরের দিকেও রওয়ানা হয়েছিলেন। কিন্তু 'নো' বলের কারণে বেঁচে যান শেহজাদ। অপরাজিত থাকেন ১১১ রান নিয়ে। ৬২ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় এই স্কোর করেন তিনি।