স্প্যানিশ ফুটবল লিগে শিরোপা জয়ে যখন জিদানকে কোলে তুলে আনন্দ উদযাপন করছেন সার্জিও রামোসরা, তখন মাথায় হাত দিয়ে পরাজয়ের গ্লানির ঘাম মুছছেন লিওনেল মেসিরা।

করোনা বিরতির পর মাঠে ফিরে দুর্দান্ত খেললেও বেশ কয়েকটি ড্রয়ে শিরোপা থেকে অনেকটা ছিটকে পড়ে বার্সেলোনা।

শিরোপার দৌড়ে পিছিয়ে থেকে নিজেদের হারিয়ে ফেলেন কাতালানরা। যার ছায়া দেখা গেছে বৃহস্পতিবার রাতেও।

লিগের ৩৭তম রাউন্ডের ম্যাচে ১০ জনের দল ওসাসুনার কাছে ২-১ গোলে হেরে গেছে বার্সেলোনা।

শিরোপা তো দূরের কথা, রাতে জয়ই ছিনিয়ে আনতে পারেননি তিতের শিষ্যরা, যা সমর্থকদের চরম হতাশ করেছে।

বৃহস্পতিবার রাতে ক্যাম্প ন্যুতে শুরু থেকেই বার্সাকে চেপে ধরে ওসাসুনা। ম্যাচের ১৫তম মিনিটেই সফল হন তারা। ডিফেন্ডার এস্তুপিনানের ক্রস থেকে বল পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান সাবেক বার্সা মিডফিল্ডার হোসে আরনাইস।

২২ মিনিটে লিওনেল মেসির ফ্রি-কিক গোলবারে লেগে ফিরে আসে। অল্পের জন্য রক্ষা পায় ওসাসুনা। এ ছাড়া ৩২ মিনিটে আরেকটি ফ্রি-কিকেও ব্যর্থ হন মেসি। প্রথমার্ধে ১-০ তে পিছিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধে নেমে ফের ফ্রি-কিক ভাগ্যের সামনে দাঁড়ান মেসি। তৃতীয়বার আর লক্ষ্যভ্রষ্ট হয়নি তার কিক। ৬২ মিনিটে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে বার্সেলোনাকে ১-১ গোলে সমতায় ফেরান বার্সা অধিনায়ক।

৭৭ মিনিটে ফাউল করে লালকার্ড দেখেন ওসাসুনার এনরিক গ্যালিগোক। ১০ জনের দল নিয়েই বাকি ১৫ মিনিটের মতো সময় খেলেছে ওসাসুনা।

তবু গোল দিতে পারেননি মেসিরা।

উল্টো ম্যাচের শেষ দিকে ইনজুরি সময়ে বার্সেলোনার দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে পেনাল্টি বক্সে বল পেয়ে পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন রবের্টো তোরেস।

এই গোলে বার্সেলোনার কফিনে শেষ পেরেক ঠুকে দেন তোরেস।

এই পরাজয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৩৭ ম্যাচে ৭৯। আর সমান ম্যাচে শিরোপা নিশ্চিত করা রিয়ালের পয়েন্ট ৮৬।

বার্সা সমর্থকদের এখন একটাই সান্ত্বনা যে, জয় পেলেও সেটি কোনো কাজে আসত না। কারণ একই সময় ভিয়ারিয়ালকে ২-১ গোলে হারিয়ে লা লিগার ৩৪তম শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ।

তথ্যসূত্র: গোল ডট কম

এমআর