বিশ্বের পেশাদার ফুটবলারদের বিবেচনায় মনোনীত ফিফা ফিফপ্রো বিশ্ব একাদশের ডিফেন্ডারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।
এই তালিকায় ব্রাজিলের রয়েছেন পাঁচজন খেলেয়াড়। জার্মানীর কাছে বিশ্বকাপের সেমিফাইনালে ৭-১ গোলে বিধ্বস্ত হবার পরেও এলিট ডিফেন্স লাইন-আপের চারটি জায়গার জন্য ২০জনের তালিকায় পাঁচজন ব্রাজিলিয়ানের অন্তর্ভুক্তি অনেককেই বিস্মিত করেছে। আগামী ১২ জানুয়ারি জুরিখে ফিফা ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানে বিশ্ব একাদশের নাম ঘোষণা করা হবে। ২০১৩ সালের বিশ্ব একাদশে থাকা চার ডিফেন্ডার লাম, ডানি আলভেস, সার্জিও রামোস এবং থিয়াগো সিলভা এবারও মনোনয়ন পেয়েছেন।
এই তালিকায় স্পেনের চারজন ডিফেন্ডার রয়েছে। কিন্তু নেদারল্যান্ডের কেউ জায়গা পাননি। যদিও বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে স্পেন গ্রুপ পর্বে নেদারল্যান্ডের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছিল। ডাচরা তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে ব্রাজিলকেও ৩-০ গোলে পরাজিত করেছিল। এদিকে ঐতিহ্যগতভাবে রক্ষনভাগের জন্য পরিচিত ইতালিও এই তালিকা থেকে বাদ পড়েছে। ১০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মত এই তালিকায় কোন ইংলিশ ডিফেন্ডার জায়গা পাননি। ২০জনের তালিকায় তিনজন খেলোয়াড় রয়েছেন বিশ্বকাপের দলের বাইরে। তারা হলেন অস্ট্রিয়ার ডেভিড আলাবা, সার্বিয়ার ব্রানিস্লাভ ইভানোভিচ এবং স্পেনের ড্যানিয়েল কারভাজাল।
ফিফা বিশ্ব একাদশ সাধারনত ফিফপ্রো গ্রুপের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকে। এই গ্রুপে আন্তর্জাতিক পেশাদার খেলোয়াড়দের নিয়ে গঠিত যেখানে ৬৫ হাজারেরও বেশী সদস্য রয়েছে।
বিশ্ব একাদশের জন্য মনোনীত ডিফেন্ডার :
ডেভিড আলাবা (অস্ট্রিয়া, বায়ার্ন মিউনিখ), জোর্ডি আলবা (স্পেন, বার্সেলোনা), ডানি আলভেস (ব্রাজিল, বার্সেলোনা), জেরম বোয়েটাং (জার্মানী, বায়ার্ন মিউনিখ), ড্যানিয়েল কারভাজাল (স্পেন, রিয়াল মাদ্রিদ), ডেভিড লুইজ (ব্রাজিল, প্যারিস সেইন্ট-জার্মেই), দিয়েগো গোডিন (উরুগুয়ে, এ্যাথলেটিকো মাদ্রিদ), ফিলিপ লুইস (ব্রাজিল, চেলসি), ম্যাটস হামেলস (জার্মানী, বরুসিয়া ডর্টমুন্ড), ব্রানিস্লাভ ইভানোভিচ (সার্বিয়া, চেলসি), ভিনসেন্ট কোম্পানী (বেলজিয়াম, ম্যানচেস্টার সিটি), ফিলিপ লাম (জার্মানী, বায়ার্ন মিউনিখ), মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ), জেভিয়ার মাসচেরানো (আর্জেন্টিনা, বার্সেলোনা), পেপে (পর্তুগাল, রিয়াল মাদ্রিদ), জেরার্ড পিকে স্পেন, বার্সেলোনা), সার্জিও রামোস (স্পেন, রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (ব্রাজিল, প্যারিস সেইন্ট-জার্মেই), রাফায়েল ভারানে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ), পাবলো জাবালেটা (আর্জেন্টিনা, ম্যানচেস্টার সিটি)।
জেডআই





