শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এই গ্রীষ্মেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন। কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালে তিনি এই ঘোষণা দিয়ে বলেছেন, এরকম একটি ঘোষণা দেয়ার এটাই উপযুক্ত সময়।
৩৭ বছর বয়সী সাঙ্গাকারা এরই মধ্যে একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। আগস্টে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজে দ্বিতীয় ম্যাচ খেলার পর তিনি নিজের দেশের মাটিতেই শেষ করতে যাচ্ছেন তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার।
শ্রীলংকার পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহের কৃতিত্ব বাঁহাতী ব্যাটসম্যান সাঙ্গাকারার। টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তার স্থান পঞ্চম।
২০০০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর ১৩২টি ম্যাচ থেকে তিনি স্কোর করেছেন ১২,৩০৫ রান। এতে রয়েছে তার ৩৮টি সেঞ্চুরি এবং ৫২টি হাফ সেঞ্চুরি।
সাঙ্গাকারা তার শেষ টি-টোয়েন্টি খেলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রতিযোগিতায়। এতে শিরোপা জয়ী হয়েছিল শ্রীলঙ্কা। তার শেষ ওডিআই ছিল এ বছরের বিশ্বকাপের সময়।
ইআর





