প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়ানডে সিরিজে পাকিস্তানি দলকে বাংলাওয়াশ করার পর টি-টোয়েন্টিতেও হারিয়ে দেয়ায় এখন আমরা আশাবাদী টেস্টেও আমরা জিতব।

আজ (শনিবার) দুপুরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে বাংলাদেশ ক্রিকেট দলকে দেয়া এক সংম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা আশাকরি এভাবে খেলা অব্যাহত রাখলে বাংলাদেশ একদিন বিশ্বকাপ জয় করবে।

এদিকে,  বিশ্বকাপে ভালো খেলার জন্য প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট টিমকে ১ কোটি এবং পাকিস্তানকে ওয়ান সিরিজের সব কয়টি ম্যাচে হারিয়ে বাংলা ওয়াশ করায় আরও ১ কোটি টাকা প্রদানের কথা জানান।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিসহ বিভিন্ন ফান্ড থেকে ক্রিকেট টিমকে অভিনন্দনস্বরুপ সব মিলিয়ে মোট ৮ কোটি টাকা প্রদান করা হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এবারের টাইগাররা সত্যিকারের রয়েল বেঙ্গল টাইগারের মতো খেলেছে। তাদেরকে অভিনন্দন জানাই।

বাংলাদেশে আসন্ন ভারত, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার সফরেও টাইগারকে একইভাবে সফলতার ধারা অব্যাহত রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তিনি খেলা দেখার সময় লক্ষ্য করেছেন, প্রত্যেক খেলোয়ারের ভেতর আন্তরিকতার কোন ঘাটতি ছিল না। তাদের এই আন্তরিকতা ভালো লেগেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সবার মাঝে জেতার ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস তিনি লক্ষ্য করেছেন। খেলোয়ারদের এই আত্মবিশ্বাস সব সময় অটুট থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, তিনি ছোট বেলা থেকেই খেলাধুলা ভালোবাসতেন। তার পরিবারের সবাই খেলাধুলার সাথে জড়িত ছিল বলেও জানান তিনি।  

যুব সমাজকে খেলা ধুলার প্রতি আরও আগ্রহী করা দরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, আমরা প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিয়েছি।  

তিনি বলেন, এখন আর কোন কিছু গতানুগতিক হয় না, এখন সবকিছু খুব সায়েন্টিফিকালি হয়। তাই দেশের সব প্রান্তেই যাতে ছেলে-মেয়েরা যথাযথভাবে খেলাধুলার সুযোগ পায় সে ব্যবস্থা করতে হবে।  

প্রধানমন্ত্রী খেলা-ধুলার প্রতি সরকারের আন্তরিকতার উল্লেখ করে বলেণ, যুগোপযোগী খেলার পরিবেশ আমরা সৃষ্টি করে দেব। এজন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হবে।  

শুক্রবারে অনুষ্ঠিত টি টোয়েন্টিতে বাংলাদেশ টিমের পারফরমেন্সের ব্যাপক প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, খেলা শুরুর সময় অনেকেই বলেছিলন বাংলাদেশ কখনও টি টোয়েন্টিতে জিতে নাই, কিন্তু মানুষের সেই ধারনা ভেঙ্গে দিয়েছে টাইগাররা।

তিনি বলেন, আমাদের সোনার ছেলেরা যখন ভালো খেলে তখন খুবই ভালো লাগে। অন্যরকম এক অনুভূতি হয়। বিশেষ করে নিজের দেশে যখন সোনার ছেলেরা ভালো পারফরমেন্স করে তখন অন্যরকম ভালো লাগে।  

তিনি ক্রিকেটের উন্নয়নে কল্যাণ ট্রাস্ট ফান্ড করার ঘোষণা দিয়ে বলেন, ক্রিকেটে সোনার ছেলেরা ভবিষ্যতে আরও ভালো করবে সেটাই কামনা করছি।

তিনি বলেন, খেলায় হারজিত থাকবে, এটাই স্বাভাবিক। তবে, সোনার ছেলেরা শতভাগ আন্তরিকতার সাথে সব সময় খেলবে তিনি সেটাই কামনা করেন।

এ সময় ক্রিকেটারদের লক্ষ্য করে তিনি বলেন, তোমরা আমাদের সোনার ছেলে। আমরা তোমাদের নিয়ে গর্ব করি।

এদিকে, আগামী মঙ্গলবার (২৮ তারিখ) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট।
টেস্ট খেলার জন্য বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল খুলনা যাচ্ছে আজ। শনিবার সন্ধ্যার ফ্লাইটে খুলনায় পৌঁছাবেন তারা। নগরীর হোটেল সিটি ইন এ থাকবেন তারা। ইতিমধ্যে খেলোয়াড়দের থাকার সু-ব্যব্স্থা করা হয়েছে। রোববার থেকে মাঠে অনুশীলনে নামবে দু’দলেরই খেলোয়াড়।

কেবি/কেএইচ