ম্যানচেস্টার ইউনাইটেডকে কাঁদাল টটেনহ্যাম হটস্পার। রোববার হোয়াইট হার্ট লেনে ম্যানইউকে জিততে দেয়নি তারা। ফলে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দৌড়ে চেলসি ও ম্যানচেস্টার সিটি থেকে পয়েন্ট ব্যবধানে আরো পিছিয়ে গেল তৃতীয় স্থানে থাকা ম্যানইউ।

ম্যাচের প্রথমার্ধে ইউনাইটেড বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু হুয়ান মাতার ফ্রি-কিক পোস্টে লেগে ফিরে আসে।

এছাড়া রাদামেল ফ্যালকাও, রবিন ভ্যান পার্সি ও অ্যাশলে ইয়ংকে গোলবিঞ্চত করেন স্বাগতিক গোলরক্ষক হুগো লোরিস। শেষ পর্যন্ত একবারও তারা টটেনহ্যামের জালে বল জড়াতে পারেনি রেড ডেভিলরা।

এর ফলে মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে ২০১৪ সাল শেষ করল কোচ ভ্যান গলের শিষ্যরা। নতুন বছরের শুরুতে স্টোক সিটির মুখোমুখি হবে তারা।

এদিকে এ ম্যাচটিতে হার এড়ানোর ফলে ইউনাইটেডের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজিত থাকল টটেনহ্যাম। তবে সব ধরনের প্রতিযোগিতায় গত চার ম্যাচে জয় পাওয়া এই দলটি তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে পারল না।

লিগ টেবিলে ১৯ ম্যাচে ১০টি জয়ের বিপরীতে ৩টি হার ও ৬টি ড্রতে মোট ৩৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৪৫ ও ৪২ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষস্থান ও দ্বিতীয় স্থানে আছে চেলসি ও ম্যানচেস্টার সিটি। ১৮ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে ম্যানইউর পরের স্থানে আছে সাউদাম্পটন। এদিকে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট অর্জন করা টটেনহ্যাম আছে ষষ্ঠ স্থানে।

জেডআই