শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে জয় পেতে পঞ্চম ও শেষ দিনে ভারতের দরকার মাত্র ৮ উইকেট। তবে জয়ের স্বপ্ন ছেড়ে দিয়ে ড্রয়ের স্বপ্ন দেখতে পারে ৩৪১ রানে পিছিয়ে থাকা স্বাগগিতকরা।
রোববার টেস্টের চতুর্থ দিনে এক উইকেটে ৭০ রান নিয়ে খেলা শুরু করে ভারত। শেষ পর্যন্ত ৮ উইকেটের বিনিময় ৩৯১ রান সংগ্রহ করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। এতে লঙ্কানদের সামনে ৪১৩ রানের লক্ষ্য বেধে দেয় তারা।
চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা দিন শেষ হওয়ার আগে ২১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। ফলে এখনও ৩৪১ রানে পিছিয়ে আছে দলটি।
দ্বিতীয় ইনিংসে ভারতকে বড় সংগ্রহ এনে দিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আজিঙ্কায় রাহানে ও মুরালি বিজয়। আগের দিনে ৩৯ রান নিয়ে অপরাজিত থাকা মুরালি ৮২ রান করে আউট হয়েছেন।
এদিকে সেঞ্চুরি পূর্ণ করেছেন ১৯ রান নিয়ে খেলা শুরু করা রাহানে। থাইরিন্ডু কৌসলের বলে উইকেটরক্ষক চান্দিমালের হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ২৪৩ বলে ১০টি চারে ১২৬ রান করেন তিনি। এছাড়া রোহিত শর্মার ৩৪ রান ভারতের পক্ষে ব্যক্তিগত উল্লেখযোগ্য স্কোর।
লঙ্কান বোলার ধামিক্কা প্রাসাদ ও থাইরিন্ডু কৌসল চারটি করে মোট আট উইকেট ভাগ করে নেন।
জবাবে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। অশ্বিনের বলে বিন্নি হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ওপেনার কৌসল সিলভা (১)।
ওয়ানডাউনে ব্যাট হাতে ক্রিজে নামেন ক্যারিয়ারের শেষ ইনিংস খেলতে নামা কুমার সাঙ্গাকারা। কিন্তু বিদায়ী ইনিংসটি দীর্ঘায়িত করতে পারেননি তিনি। শেষ ইনিংসে মাত্র ১৮ রান করেই ক্রিকেট মাঠ থেকে ব্যাট হাতে আজীবনের জন্য বিদায় নিলেন। অশ্বিনের বলে মুরালির হাতে ক্যাচ আউট হওয়ার আগে ১৮ বলে তিন চারে এই স্কোর করেন সাঙ্গাকারা।
শেষ দিনে করুনারত্নে ২৫ ও ম্যাথুজ ২৩ রান নিয়ে খেলা শুরু করবেন।
তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে নিয়ে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
জেডআই





