কব্জির ইনজুরি কাটিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে কোর্টে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। একইসাথে আগামী মাসে অনুষ্ঠিব্য বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনেও খেলার ব্যপারে আত্মবিশ্বাসী মনোভাব দেখিয়েছেন বিশ্বের সাবেক এই শীর্ষ খেলোয়াড়।
এ ব্যপারে চিকিৎসকরাও তাকে আশ্বস্ত করেছেন বলে জকোভিচ জানিয়েছেন। আগামী ৫ মে থেকে মাদ্রিদে অনুষ্ঠিতব্য ক্লে কোর্ট টুর্নামেন্টের আগেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারবেন বলেই ইঙ্গিত পাওয়া গেছে। এরপরের সপ্তাহে তিনি রোমে যাবেন এবং তারপর প্যারিসে যেখানে ২৫ মে থেকে ফ্রেঞ্চ ওপেন শুরু হচ্ছে। এটিপি র্যারঙ্কিংয়ে বর্তমানে রাফায়ের নাদালের পরে দ্বিতীয় স্থানে থাকা জকোভিচ বলেছেন, আগে যা মনে করা হয়েছিল এখন তার থেকে ইনজুরির অবস্থা অনেক ভাল।
ক্যারিয়ারে ছয়টি মেজর চ্যাম্পিয়নশীপে জিতলেও এখনো ফ্রেঞ্চ ওপেন জেতা হয়নি এই তারকার। আর তাই সেটা জয় করে পরিপূর্ণ হতে চান জকো। ২০১৩ সালের সেমিফাইনালে এবং ২০১২ সালের ফাইনালে জকোভিচ আটবারের চ্যাম্পিয়ন নাদালের কাছে পরাজিত হয়ে রোঁলা গ্যারো থেকে বিদায় নিয়েছিলেন।
গত সপ্তাহে মন্টে কার্লো মাস্টার্সে খেলার সময়ই কব্জির সমস্যার কথা বলেছিলেন জকোভিচ। সেমিফাইনালে হাতে ব্যান্ডেজ বেঁধে তিনি কোর্টে নেমেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রজার ফেদেরারের কাছে ৭-৬, ৬-২ গেমে পরাজিত হয়ে বিদায় নেন। ম্যাচের পরে জকোভিচ বলেছিলেন এই ইনজুরিতে হয়তবা অস্ত্রোপচারের প্রয়োজন নেই। এমআরআই পরীক্ষার পরেই পরবর্তী করণীয় নির্ধারিত হবে। তবে দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠেন এবং বিষয়টি অবহিত করে আগামী টুর্নামেন্টে খেলার ব্যপারে আশাবাদ ব্যক্ত করেন সার্বিয়ান এই শীর্ষ তারকা। ইউরোপীয়ান ক্লে কোর্ট ইভেন্টে চলতি সপ্তাহে স্পেন এবং রোমানিয়া হয়ে পরের সপ্তাহে পর্তুগাল ও জার্মানীতে গিয়ে শেষ হবে।
ঢাকা,২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেডআই





