সিমোনা হালেপকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মত ডব্লিউটিএ সিনসিনাতি মাস্টার্সের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
এটি তার ক্যারিয়ারের ৬৯তম ডাব্লিউটিএ শিরোপা। এর মাধ্যমে ডব্লিউটিএ টেনিস কিংবদন্তীদের তালিকায় ক্রমান্বয়ে নিজেকে একটি শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছেন এই মার্কিনী।
আধুনিক যুগে সর্বকালের সেরা ডব্লিউটিএ বিজয়ীদের তালিকায় সেরেনা এখন অস্ট্রেলিয়ান লিজেন্ড ইভোনে গুলাগংকে পিছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলেন। ১৬৭টি একক শিরোপা জিতে এই তালিকায় শীর্ষে রয়েছেন মার্টিনা নাভ্রাতিলোভা।
৩৩ বছর বয়সী সেরেনা রোববারের ফাইনালে রোমানিয়ান হালেপকে ৬-৩, ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। এটি চলতি বছরে সেরেনার পঞ্চম শিরোপা।
ম্যাচ শেষে সেরেনা বলেছেন, ‘আমি মনে করি ফাইনালে সিমোনা আমাকে সত্যিকার অর্থেই পরীক্ষার মধ্যে ফেলেছিল। কিন্তু সঠিক সময়ে আমি সঠিক শটগুলো খেলতে পেরেছি। তবে এখনো উন্নতির অনেক জায়গা আছে বলেই আমি বিশ্বাস করি।’
জেডআই





