বার্সেলোনার শেষ ষোলোতে খেলা নিশ্চিত হতে পারতো এদিনই। কিন্তু গ্রুপের তলানিতে থাকা অলিম্পিয়াকোসের সঙ্গে পয়েন্ট খুইয়ে সেই অপেক্ষাটা আরও একটু বাড়ল কাতালানদের।

মঙ্গলবার রাতে অলিম্পিয়াকোসের মাঠে অতিথি হয়ে গিয়ে গোল খরায় ভুগেছেন মেসিরা। যে কারণে গোলশূন্য ড্র’তে ফিরে আসতে হয়েছে পয়েন্ট ভাগাভাগি করে। চতুর্থ ম্যাচে এসে প্রথম পয়েন্ট পেলেও কাগজে কলমে শেষ ষোলোর আশা বেঁচে থাকল গ্রিসের এই ক্লাবটির।

বার্সা কোচ এরনেস্তা ভালভার্দের জন্য ছিল এই সফরটা অন্যরকম কারণ ২০১০ সাল থেকে দুই বছর এই ক্লাবটির ম্যানেজার ছিলেন এই স্প্যানিশ কোচ। তবে পুরনো ঘরে বীরের বেশে প্রত্যাবর্তন করতে পারলেন না তিনি। বরং উড়ন্ত ফর্মে থাকা বার্সা অনাকাঙ্ক্ষিতভাবে হারিয়ে বসল পয়েন্ট।

মাঠে অবশ্য বার্সার আধিপত্যই ছিল। ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখে ১১ বার প্রতিপক্ষের গোলমুখে শট নিলেও সফল হতে পারেনি কাতালান ক্লাবটি। বার্সার পাসিংয়ের বিপক্ষে ধৈর্য্য হারায়নি অলিম্পিয়াকোস।

সেজন্যই মেসির দুর্দান্ত ড্রিবলিংগুলোর পরও জায়গা না ছেড়ে আক্রমণ প্রতিহত করতে পেরেছে তাঁরা। বিরতির পরও সেই একই দৃশ্য। মেসি, সুয়ারেজদের মুহুর্মুহু আক্রমণের মুখে অবিচল দাড়িয়েছিলেন অলিম্পিয়াকোস ডিফেন্ডাররা। তাই শেষ পর্যন্ত গোলশূন্য ড্র’তেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিদের।

‘ডি’ গ্রুপের অপর ম্যাচে জুভেন্টাস ১-১ গোলে ড্র করেছে স্পোর্টিং লিসবনের বিপক্ষে। তাই এই গ্রুপে কোনো হিসেবই এখনও চূড়ান্ত হয়নি। চার ম্যাচ শেষে বার্সার পয়েন্ট এখন ১০। আর ৭ পয়েন্ট নিয়ে জুভেন্টাস আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা স্পোর্টিং লিসবনের অর্জন চার পয়েন্ট।

এএস