বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে থাকছেন না অস্ট্রেলিয়া দলের পেসার মিচেল জনসন ও জস হ্যাজেলউড। আসন্ন গ্রীষ্ম মৌসুমে অস্ট্রেলিয়ার সূচিতে অনেক ম্যাচের কথা বিবেচনা করে তাদেরকে বিশ্রাম দেয়া হয়েছে।
আগামী মার্চের আগ পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে তিন, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমসংখ্যক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। একই সময়ের মধ্যে ভারতের বিপক্ষে নিজ মাঠে পাঁচ ম্যাচের ওয়ানডে এবং নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ খেলবে অসিরা।
ক্রিকেট অস্ট্রেলিয়ার পারফরমেন্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড ফেয়ার ফ্যাক্স মিডিয়াকে বলেন, ‘বাংলাদেশ সফরকে সামনে রেখে নির্বাচকরা আগামী দুই সপ্তাহের মধ্যে বৈঠকে মিলিত হবে।’
‘আমাদের ফাস্ট বোলারদের ঠিকমত পরিচালনা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হবে। তবে সেটা কেবলমাত্র বাংলাদেশ সফরের জন্য নয়। পুরো মৌসুমে আমাদের দশটি টেস্ট ম্যাচ রয়েছে, এটাও আলোচনার বিষয় হবে।’
‘দুই পেসার জনসন এবং হ্যাজেলউডের ওপর অত্যন্ত চাপ পড়ছে। পুরো মৌসুমে তাদের কাছ থেকে সেরাটা পেতে হলে তাদেরকে সতর্কভাবে ব্যবহার করতে হবে।’
জেডআই





