দীর্ঘ প্রতীক্ষা আর চোখ ধাঁধাঁনো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়া আসর ১৭তম এশিয়ান গেমসের। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬.০০টায় স্বাগত সঙ্গীতের মধ্য দিয়ে গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অবশেষে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হু এর উদ্বোধন ঘোষণা করেন।

প্রথম দিকে ৬২ হাজার ধারন ক্ষমতাসম্পন্ন ইনচন এশিয়ান মেইন স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের টিকেট বিক্রি স্থানীয় আয়োজকদের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে পরবর্তীতে সেটা কাটিয়ে উঠতে পেরেছে ইনচন গেমস আয়োজক কমিটি।

দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অবস্থিত নতুন স্টেডিয়ামটিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই স্থানীয় বিভিন্ন জনপ্রিয় ব্যান্ডের সঙ্গীত দর্শকদের দারুন আনন্দ দিয়েছে। এর মধ্যে আলাদা করে বলতেই হয় জনপ্রিয় ব্যান্ড এক্সোর কথা। ১২জন তরুণ কিশোরের উচ্ছল উপস্থিতিতে গানের সাথে সাথে নাচ দারুণ উপভোগ্য ছিল। হাই অকটেন কে-পপ ব্যান্ডটি যে স্থানীয় কোরিয়ানদের মাঝেও দারুণ জনপ্রিয় তা বোঝাই গেছে। তাদের গানের পরেই পুরো স্টেডিয়ামে আতসবাজির দারুণ ঝলকানি সকলকে মুগ্ধ করে। এছাড়া এশিয়ার সংষ্কৃতি, কৃষ্টির পাশাপাশি কোরিয়ার বিভিন্ন ঐতিহ্য এখানে তুলে ধরা হয়। যাতে অংশ নিয়েছে বিভিন্ন বয়সী ছেলে মেয়েরা।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের মার্চ পাস্ট। নেপালকে দিয়ে শুরু করে এই মার্চ পাস্টে একাদশতম স্থানে স্টেডিয়ামে লাল সবুজ পতাকা নিয়ে প্রবেশ করে বাংলাদেশ। কমনওয়েলথ গেমসে পদকজয়ী শ্যুটার আবদুল্লাহ হেল বাকি বাংলাদেশের পক্ষে পতাকা বহন করেন। শেফ দ্য মিশন বশির আল মামুনের নেতৃত্বে দলটিতে আরো ছিলেন ডেপুটি শেফ দ্য মিশন বাদল রায়সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আগেই ইনচনে পৌঁছানো বাংলাদেশ জাতীয় অনুর্ধ্ব-২৩ ফুটবল দল, জাতীয় মহিলা ক্রিকেট দল, আরচ্যারি, উশু, হকি, শ্যুটিং দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টপ পার্ক জিউন হুসহ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ৪৫জন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এশিয়ান গেমসের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির সভাপতি কিম ইয়ুন সুনের স্বাগত বক্তব্য ও এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি শেখ আল ফাহাদ আল সাবাহর ধন্যবাদ জ্ঞাপনের পরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হু ১৮দিনব্যাপী গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

এবারের আসরে ৩৬টি ক্রীড়ার ৪৩৯টি ইভেন্টে ৪৫টি দেশের প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করছে। খেলোয়াড়দের সাথে রয়েছে বিভিন্ন দেশের আরো প্রায় তিন হাজার কর্মকর্তা। বাংলাদেশ ১৩টি ডিসিপ্লিনে ১২৬জন খেলোয়াড় ও ৪০জন কর্মকর্তাসহ সর্বমোট ১৬৬জন অংশগ্রহণ করছে।

গেমসের ঐতিহ্যবাহী মশাল প্রজ্জ্বলন করেন কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী লি ইয়ং-এই। পুরো এশিয়ায় দারুণ জনপ্রিয় কোরিয়ান ঐতিহাসিক নাটক ‘ডায়ে জাং গিয়াম’এ অভিনয় করে যিনি দারুণ জনপ্রিয়তা লাভ করেছে।

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই