স্পেনকে এগিয়ে নিতে কোচ ভিনসেন্টে ডেল বস্কই বেশি উপযুক্ত বলে মনে করেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা।

ডেল বস্কের অধীনে টানা তিনটি বড় শিরোপা অর্জন করে স্পেন। ২০১০ সালে এই কোচের অধীনে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্প্যানিশরা। কিন্তু চার বছর পর ব্রাজিলের মাটিতে শিরোপা ধরে রাখার লক্ষ্যে খেলতে এসে প্রথম দুই ম্যাচেই হারের লজ্জা পায়। সেই সঙ্গে বিশ্বকাপ থেকে ছিটকে যায় দলটি।

২০১০ বিশ্বকাপ জয়ী অনেক তারকাই ২০১৪ বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছিলেন। এই দলে পরিবর্তন আনা দরকার ছিল বলে মনে করেন স্পেনের সাবেক মিডফিল্ডার গার্দিওলা।

২০০৮ সাল থেকে স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করছেন বস্ক। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০১৬ সালে। তবে দুঃখজনক ভাবে বিশ্বকাপের প্রথম পর্যায়েই দল ছিটকে পড়ায় নিজের ভবিষ্যত নিয়ে বিবেচনা করতে হতে পারে তাকে।

তবে কোচ হিসেবে বস্ক স্বপদে বহাল থাকবেন এবং ফ্রান্সে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে স্পেনের নেতৃত্ব দেবেন সে বিষয়ে গার্দিওয়ালার কোন সন্দেহ নেই।বুয়েন্স আয়ার্সে এক সংবাদ সম্মেলনে গার্দিওয়ালা বলেন, ‘স্পেনের হাতে থাকা সেরা কোচ দেল বস্ক এবং আমি আশা করছি তিনি থাকবেন। কারণ দলের জন্য অতীব প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য তিনিই সঠিক ব্যক্তি।’

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই