ক্রিস্টিয়ানো রোনালদো এবং ইকার ক্যাসিয়াসের রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলে ইঙ্গিত দিয়েছেন ক্লাবের সাবেক গোলরক্ষক অগাস্টিন রড্রিগেজ।
গত এক বছর ক্যাসিয়াসের ফর্মহীনতার কারণে রিয়ালে তার ভবিষ্যৎ নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। তাছাড়া সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক ডেভিড ডি গিয়া মাদ্রিদে যোগ দিচ্ছেন এমন গুজবও বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। সব মিলিয়ে রিয়ালে ক্যাসিয়াসের ভবিষ্যত যে অনিশ্চিত তা সহজেই অনুমেয়। এদিকে সাম্প্রতিক সময়ে মূল ধারার গণমাধ্যমগুলোতে রোনালদোকে নিয়েও বেশ সমালোচনা ঝড় বইছে।
অগাস্টিন জানিয়েছেন, তিনি প্রায় অনেকটাই নিশ্চিত যে মৌসুম শেষে এই দুই খেলোয়াড়কে স্যান্টিয়াগো বার্নাব্যুতে সমর্থকরা আর দেখতে চান না। যদিও ক্লাব সব সময়ই চুক্তি অনুযায়ী কাজ করতে পছন্দ করে।
মাদ্রিদে প্রায় দশ বছর কাটানো ৫৫ বছর বয়সী অগাস্টিন রেডিও মার্কায় বলেছেন, ‘আমি মনে করি সত্যিকার অর্থেই ক্যাসিয়াসের এখন দল ছেড়ে দেওয়া উচিত। ক্রিস্টিয়ানোর ব্যাপারেও আমি একই পরামর্শ দিব। হয়ত আগামী বুধবারের পত্রিকায় আমরা এই সংবাদটি দেখতে পাব।’
বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের মুখোমুখি হবে। প্রথম লেগে তুরিনে ২-১ গোলে পরাজিত হয়েছিল গ্যালাকটিকোরা।
জেডআই





