ভারতের আইপিএল ও ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ব্লাস্টের পর এবার নিজ দেশের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা সিপিএলে ব্যাটে ঝড় তুললেন ক্রিস গেইল। আর তার ঝড়ে উড়ে গেল সেন্ট লুসিয়া জোউকস।
আসরের অষ্টম ম্যাচে গেইলের মাত্র ৩৬ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংসের সুবাদে সেন্ট লুসিয়াকে ১০ উইকেটে হারিয়েছে জ্যামাইকা তালাওয়াস।
সোমবার ভোরে সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৮ রান করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রান করেন জনাথন চার্লস। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে কেভিন পিটারসেনের ব্যাট থেকে।
জ্যামাইকার হয়ে ৩টি করে উইকেট নেন ক্রিসমার সান্তোকি ও রাস্তি থেরন। ২টি উইকেট জমা পড়ে জেরম টেলরের ঝুলিতে।
১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সেন্ট লুসিয়ায় চার-ছক্কার বৃষ্টি ঝরান গেইল। মাত্র ১৯ বলে ফিফটি তুলে নেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। ফিফটি করতে ৫টি ছক্কা ও ৩টি চার মারেন গেইল। ফলে মাত্র ৬ ওভারেই ৭৭ রান তোলে জ্যামাইকা।
এরপরও থামেনি গেইলের ব্যাটিং ঝড়। মাত্র ৩৬ বলে ৯০ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। ৯টি ছক্কা ও ৬টি চারে সাজানো ছিল গেইলের ‘বিধ্বংসী’ ইনিংসটি। ২৫ রানে অপরাজিত থাকেন চাদউইক ওয়ালটন। জ্যামাইকা জয় পায় ১০ ওভার হাতে রেখেই। ম্যাচ সেরার পুরস্কার জেতেন গেইল।
ইআর





