বিশ্বকাপ শিরোপা অক্ষুণ্ণ রাখতে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। আর এই ম্যাচে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী চোট নিয়ে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকা ডিয়াগো কস্তা।
লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে খেলার সময় চোট পান কস্তা। এজন্য লিগের শেষ ম্যাচে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও ছিলেন সাইড লাইনে। বিশ্বকাপে তার খেলা নিয়ে সন্দেহ জেগেছিল। তবে শনিবার এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে স্পেনের হয়ে ৭৪ মিনিটে মাঠে নামেন। এরপর আর কোনো সমস্যা না হওয়ায় ২৫ বছর বয়সী এ তারকা বিশ্বকাপের প্রথম ম্যাচেই মাঠে নামার বিষয়ে আত্মবিশ্বাসী।
মার্সা পত্রিকাকে তিনি বলেন, ‘ইনজুরি পিছনে ফেলে এসেছি সেটা বোঝার জন্য এ ম্যাচটি আমার খুবই প্রয়োজন ছিল। আমি এখন পুরোপুরি ফিট এবং আর কোন সমস্যা হবে না।’
ব্রাজিলে জন্মগ্রহণ করা কস্তা ২০১৪ বিশ্বকাপে স্পেনের হয়ে মাঠে নামায় জন্মভূমিতে স্থানীয় অনেক সমর্থকের কাছেই খলনায়কে পরিণত হয়েছেন। তবে নতুন সতীর্থ খেলোয়াড়রা তাকে সাদরে গ্রহণ করেছেন।
বিশ্বকাপ শেষে চেলসিতে যোগ দিতে যাওয়া এই তারকা বলেন, ‘আসলে কি ঘটেছে সেটা বোঝার পর আমি অনেক লোকের কাছ থেকেই সমর্থন পাচ্ছি। আমার সতীর্থ খেলোয়াড়রা আমাকে বিশেষভাবে গ্রহণ করেছে। আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছি। এটা সত্যিই অবিশ্বাস্য। সত্যিকার অর্থেই সুন্দর একটি মুহূর্তের একটি অভিজ্ঞতা আমি সঞ্চার করেছি। সে জন্য আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতেই হবে।’
আগামীকাল শুক্রবার বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। প্রতিপক্ষ নেদারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১টায় খেলাটি শুরু হবে এল সালভাদরে।
ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই





