দেখতে দেখতে আরো কাছে চলে এলো ব্রাজিল বিশ্বকাপ। মাত্র ৫৪ দিন পরই শুরু হবে ফুটবলের এই মহাযজ্ঞ। বিশ্বের জনপ্রিয় খেলাটি অনেকেই স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পাবেন। যেসব ফুটবল প্রেমীদের স্টেডিয়ামে যাওয়ার সুযোগ হবে না, টেলিভিশনের কল্যাণে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খেলা দেখার সুযোগ পাচ্ছেন তারা। কিন্তু ১৯৫৪ সালের আগে স্টেডিয়ামের বাহিরের কেউ খেলা দেখার সুযোগ পাননি। কারণ তত দিনে প্রযুক্তি এত উন্নতি সাধন হয়নি।
১৯৫৪ সালের বিশ্বকাপের আয়োজন করে সুইজারল্যান্ড। সেই বিশ্বকাপের খেলা প্রথমবারের মতো টেলিভিশনে সম্প্রচার করা হয়। তাই ব্রাজিল বিশ্বকাপের ৫৪ দিন বাকি থাকতে প্রথমবার টিভিতে খেলা দেখার সুযোগ হওয়া সেই ১৯৫৪ সালের কথা মনে পড়ে গেল।
তবে আকর্ষণীয় মুহুর্তগুলো বার বার দেখার সুযোগ ১৯৫৪ সাল থেকে চালু হয়নি। এজন্য অপেক্ষা করতে হয়েছে আরো ১৬ বছর। ১৯৬০ সালে স্যাটেলাইট চালু হয়। তবে প্রথমবারের মতো ১৯৭০ সালের বিশ্বকাপের খেলা বিশ্বব্যাপী সম্প্রচার করা হয়। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপ থেকে রিপ্লে দেখারও সুযোগ হয় দর্শকদের।
প্রযুক্তির এই উৎকর্ষের যুগে এখন অ্যান্টার্কটিকা থেকে শুরু করে আর্কটিক পর্যন্ত যে কোনো জায়গায় বসেই খেলা দেখা যায়। টিভি দর্শকের সংখ্যাও বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে। গত বিশ্বকাপে তিন'শ ২০ কোটি দর্শক ঘরে বসে খেলা উপভোগ করেছেন। যা বিশ্বের মোট জনসংখ্যার ৪৬.৪ শতাংশ ছিল। থ্রি জি'র কল্যাণে এখন রাস্তা, রেস্টুরেন্ট থেকে শুরু করে জঙ্গলে বসেও খেলা দেখতে পারবেন দর্শকরা। ফলে টিভি দর্শকের সংখ্যা আরো বেড়ে যেতে পারে বলেই সবার ধারণা।