হাইতির বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে ঠিক যেন ‘বাঁচা-মরার’ লড়াইয়ের আগের আবহ। সতীর্থদের কাছে মারকিনিয়োসের চাওয়া তাই নিখুঁত ফুটবলের। প্রথম ম্যাচের মতো সুযোগ নষ্ট করার উপায় নেই বলে সতর্ক করেন ব্রাজিলের এই সেন্টার-ব্যাক।

বাংলাদেশ সময় গত রোববার সকালে একুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র ম্যাচে প্রথম একাদশেই ছিলেন মারকিনিয়োস।

ওই ম্যাচের কথা উল্লেখ করে মারকিনিয়োস বলেন, “একুয়েডরের বিপক্ষে অধিকাংশ সময় বল আমাদের দখলে ছিল। আমরা বেশ কিছু গোল করার সুযোগও পেয়েছিলাম যা নষ্ট হয়েছে। হাইতির বিপক্ষে ফের আমরা তা ঘটতে দিতে পারি না।”

“প্রতিপক্ষকে আমাদের সম্মান করতে হবে। আমরা ব্রাজিল বলেই কেউ আমাদেরকে কিছু দিয়ে দেবে না। আমাদের পারফর্ম করতে হবে”, যোগ করেন ২২ বছর বয়সী পিএসজির এই ডিফেন্ডার।

যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হবে ম্যাচটি।

যুক্তরাষ্ট্রে চলা এই প্রতিযোগিতায় ‘বি’ গ্রুপে এক ম্যাচে ১ পয়েন্ট ব্রাজিলের, একুয়েডরের পয়েন্টও সমান ১। প্রথম ম্যাচে হাইতিকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পেরু। দ্বিতীয় ম্যাচে কোনোরকম হোঁচট খেলে ব্রাজিলের শেষ আটের সম্ভাবনা তাই হুমকির মুখে পড়ে যেতে পারে।

এফএফ