রিও অলিম্পিকে সাঁতারে যুক্তরাষ্ট্র নিজেদের আধিপত্য ধরে রেখেছে। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অলিম্পিক রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন দেশটির সাঁতারু রায়ান মারফি। এ নিয়ে টানা ষষ্ঠবার এই ইভেন্টে স্বর্ণ জয়ের রেকর্ড ধরে রাখল যুক্তরাষ্ট্র।

গেমসের তৃতীয় দিন ১০০ মিটার ব্যাকস্ট্রোকের গন্তব্যে পৌঁছাতে মারফি সময় নেন ৫১.৯৭ সেকেন্ড। এই ইভেন্টের ইতিহাসে এটি দ্বিতীয় সেরা টাইমিং। ২০০৯ সালে স্বদেশি অ্যারন পিয়ারসেল ৫১.৯৪ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড করেন। সেই সময় বডিস্যুট পড়ে সাঁতরানো বৈধ ছিল।

৫২.৩১ সেকেন্ড সময় নিয়ে চীনের শু জিয়াইয়ু রৌপ্যপদক জিতেন। আর ৫২.৪০ সেকেন্ডে তৃতীয়স্থানে থেকে ব্রোঞ্জ জিতেছেন যুক্তরাষ্ট্রের ডেভিড প্লামার।
সেই ১৯৯৬ সাল থেকে শুরু এই ইভেন্টে স্বর্ণপদক জিতে আসছে যুক্তরাষ্ট্র। এ আসরেও সোনা জয়ের মধ্যে দিয়ে সেই ধারাটি অব্যাহত রাখল দেশটি।

এমএনজে