২০২২-২৩ ঘরোয়া ফুটবল মৌসুমের খেলা শেষ হয়েছে। লিগ কমিটির সভায় পরবর্তী মৌসুমের সূচিও চূড়ান্ত হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হবে নতুন মৌসুমের দলবদল। ১৮ অক্টোবর পর্যন্ত দেশি-বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন করাতে পারবে ক্লাবগুলো। তবে এবারের লিগে একটু ভিন্যতা আনতে বিদেশি ফুটবলাদের সংখ্যা বাড়ানো পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সদ্য সমাপ্ত মৌসুমে দেশের সব ক্লাব সর্বোচ্চ ৩৫ জন ফুটবলার নিবন্ধন করাতে পারতো। তবে সম্প্রতি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের কাছে কিছু দাবি-দাওয়া করেছিল খেলোয়াড় কল্যাণ সমিতি। সেই দাবি-দাওয়ার প্রেক্ষিতে রেজিষ্ট্রেশন সংখ্যা ৩৫ এর পরিবর্তে ৩৬ করেছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
এদিকে দেশের ঘরোয়া ফুটবলে দাপট বিস্তার করে বিদেশি ফুটবলাররা। গেল মৌসুমে পাঁচ জন বিদেশি ফুটবলার রেজিষ্ট্রেশন করতে পারলেও সেটির সংখ্যা বাড়িয়ে ছয় করেছে বাফুফে। এর মধ্যে চারজনকে মাঠে খেলাতে পারবে ক্লাবগুলো। মূলত এএফসি কাপে বিদেশি ফুটবলাদের সংখ্যা বাড়ায় সে পথে হাটছে বাফুফে।
সোমবার (৩১ জুলাই) বিদেশি কোটা ও খেলা সংক্রান্ত বিষয়ে বাফুফের লিগ কমিটির আহ্বায়ক আতাউর রহমান ভুইয়া মানিক বলেছেন, 'ছয় জন রেজিষ্ট্রেশন এবং চার জন মাঠে খেলতে পারবে। চারজন একাদশে থাকলে এর পরিবর্তে আর কাউকে নামানো যাবে না। ছয় জনের মধ্যে একজন এশিয়ান কোটা।'
সমাপ্ত মৌসুমে শুক্রবার ও শনিবার লিগ আর মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা অনুষ্ঠিত হয়েছিল। নতুন মৌসুমেও একই সূচিতে খেলা হবে। টুর্নামেন্টের ক্ষেত্রে বসুন্ধরা কিংসের ভেন্যু এবার যোগ হচ্ছে। আগামী ২৭ অক্টোবর স্বাধীনতা কাপ দিয়ে আসন্ন নতুন মৌসুম শুরু হবে।
স্বাধীনতা কাপে দলসংখ্যা নিয়ে মানিক বলেন, '১৪ দল নিয়ে হবে স্বাধীনতা কাপ। বিশ্ববিদ্যালয় ও সার্ভিসেস দলগুলোকে খেলার আমন্ত্রণ জানানো হবে। বাছাই খেলে তারা খেলার সুযোগ পাবে।'
গত মৌসুমে প্রিমিয়ার লিগের দলগুলোকে নিয়ে অনুর্ধ্ব লিগ আয়োজন হয়েছিল। এই মৌসুমে সেটি আয়োজন করা সম্ভব হয়নি। তবে আগামী মৌসুমে চালু করার আশাবাদ মানিকের, 'ফান্ডিংয়ের একটা বিষয় রয়েছে। আমরা এটা করব সেটা সামনের মৌসুমে।'
আজকের সভায় লিগের পয়েন্ট টেবিল অনুমোদন হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ বাইলজ অনুযায়ী রেলিগেটেড হয়েছে। এরপরও লিগে থাকার জন্য লিগ কমিটির কাছে আবেদন করেছিল। তবে মুক্তিযোদ্ধার সেই আবেদন আজকের সভায় উঠেনি।
এই প্রসঙ্গে মানিক আরও বলেন, 'তারা আবেদন করেছে সেটা নির্বাহী সভায় উঠতে পারে। আজ আমরা পয়েন্ট টেবিল অনুমোদন করেছি৷ বাইলজ অনুযায়ী তারা রেলিগেটেড।'
এবিএস





