ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি ও এভারটনের ম্যাচটিতে গোলবন্যা দেখল দর্শকরা। শনিবার রাতে গোডিসন পার্কে দুই দল করেছে ৯টি গোল। ডিয়াগো কোস্টার জোড়া গোলের সুবাধে ৬ গোল করেছে চেলসি। তবে ছেড়ে দেয়নি এভারটনও। চেলসির জালে তিনবার বল জড়িয়েছে তারা।
আগে থেকেই ম্যাচটি আলোচনায় ছিল। এদিন এভারটনের হয়ে অভিষেক হয়েছে স্যামুয়েল ইতোর। আর প্রথম ম্যাচেই তার সাবেক ক্লাব চেলসির মুখোমুখি হয়েছেন। সেই ম্যাচে এমন গোলউৎসব দর্শকদের মাঝে জুগিয়েছে বাড়তি উল্লাস।
আলো ছড়িয়েছেন স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে আসা ডিয়াগো কোস্টা। ইনজুরির কারণে এই ম্যাচে তার মাঠে নামা নিয়েও শঙ্কা ছিল। কিন্তু সেই কোস্টাই খেলার শুরুর মিনিটে গোল করেন। তার গোলেই ১ মিনিটের মধ্যেই লিড নেয় চেলসি।
এর দুই মিনিট পর স্বাগতিকদের জালে আরো এক গোল জড়িয়ে দেয় বস হোসে মরিনহোর শিষ্যরা। এই গোলটি করেন আইভানোভিচ। তবে ৪৫ মিনিটে একটি গোল শোধ করতে পারে এভারটন। এই গোলটি করেন মিরালাস।
বিরতির আগে ২-১ গোলে এগিয়ে থাকা চেলসিকে আরো এগিয়ে দেয় এভারটনের সোলেমান। তার আত্মঘাতী গোলে ৩-১ গোলে লিড নেয় সফরকারী দলটি। তবে এর দুই মিনিটের মধ্যে নাইসমিথ একটি গোল শোধ করে দেন।
গোলবন্যার ম্যাচে ৭৪ মিনিটে মাটিচ চেলসির এক হালি পূর্ণ করেন। কিন্তু ৭৬ মিনিটে এভারটনের তৃতীয় গোলটি করেন অভিষিক্ত ইতো। কিন্তু ৭৭ মিনিটে আবার গোল পায় চেলসি। এই গোলটি করেন রামিরিস।
খেলার ৯০ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন প্রথম মিনিটে গোল করা ব্রাজিলীয়-স্প্যানিশ ফুটবলার কোস্টা।
ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





