অনূর্ধ্ব-১৯ যুব প্রমীলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন হয়েছে বিজেএমসি। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে বিজেএমসি ২৫-১৩ গোলে হারিয়েছে পঞ্চগড় জেলা দলকে।

বিজয়ী দল প্রথমার্ধে ১৫-৫ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির পক্ষে সর্বোচ্চ ৮টি গোল করেছেন শিরিনা। এছাড়া ৬টি গোল করেছেন সুমি। পঞ্চগড়ের হয়ে ৪টি করে গোল করেছেন রুবিনা ও রাহিমা।

ওয়ালটন এয়ারকন্ডিশনার জাতীয় অনূর্ধ্ব-১৯ যুব প্রমীলা হ্যান্ডবলের চ্যাম্পিয়ন বিজেএমসি পুরস্কার হিসেবে পেয়েছে ৩৫ হাজার টাকার প্রাইজমানি, ট্রফি ও মেডেল। রানার্সআপ পঞ্চগড় জেলা পেয়েছে ২৫ হাজার টাকার প্রাইজমানি, ট্রফি ও মেডেল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিজেএমসির শিরিনা। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ৫ হাজার টাকার প্রাইজমানি ও পৃষ্ঠপোষক ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কৃত করেছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই